শেফিল্ড ইউনাইটেডে ফিরছেন হামজা চৌধুরী

শেফিল্ড ইউনাইটেডে ফিরছেন হামজা চৌধুরী
শেয়ার করুন

ইংলিশ সংবাদমাধ্যমের রবিবারের প্রতিবেদন অনুযায়ী, ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের লিগ ‘চ্যাম্পিয়নশিপ’-এর দল শেফিল্ড ইউনাইটেডে স্থায়ী চুক্তিতে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী।

হামজা বর্তমানে লেস্টার সিটিতে খেলছেন, যারা অবনমিত হয়ে এখন ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর ‘লিগ ওয়ান’-এ নেমে গেছে। খবর অনুযায়ী, ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার সমঝোতায় প্রায় পৌঁছে গিয়েছিলেন চ্যাম্পিয়নশিপেরই আরেক দল ডার্বি কাউন্টির সঙ্গে। কিন্তু শেষ মুহূর্তে শেফিল্ড ইউনাইটেড ফ্রি ট্রান্সফারে ব্রামাল লেনে তাকে দ্বিতীয় মেয়াদে ফিরিয়ে আনার চুক্তি নিশ্চিত করে।

এর আগে ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ভাগে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেছিলেন হামজা। সেবার ‘ব্লেডস’ খ্যাত দলটিকে চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

শেফিল্ডের রাইট-ব্যাক ফেমি সেরিকি ইনজুরিতে পড়ায় দ্রুত হামজাকে দলে ভেড়ানোর উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। ধারে খেলার সময় ক্লাবটির হয়ে এই পজিশনেই খেলেছিলেন তিনি। প্রতিবেদন অনুযায়ী, হামজার মেডিকেল পরীক্ষা চলছে এবং শিগগিরই চুক্তির আনুষ্ঠানিক কাজ সম্পন্ন হবে।

সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার রাতে বল্টনের বিপক্ষে ম্যাচেই শেফিল্ডের হয়ে মাঠে নামতে পারেন হামজা। ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

২০১৬ সালের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটির জন্য সাম্প্রতিক সময়টা চরম বিপর্যয়কর। টানা দুই মৌসুমে অবনমিত হয়ে দলটি এখন লিগ ওয়ানে ঠাঁই নিয়েছে। ফলে ক্লাবটি হামজার বড় অঙ্কের বেতন বাঁচানোর জন্য তাকে ছেড়ে দিতে ইচ্ছুক ছিল।

এই দলবদলের মাধ্যমে কিং পাওয়ার স্টেডিয়ামে হামজার এক দশকেরও বেশি সময়ের অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে। ২০১৪ সালে লেস্টার সিটির একাডেমি দলে যোগ দেন তিনি। পরবর্তীতে প্রথম দলের হয়ে ২০২১ সালে এফএ কাপ, একই বছর এফএ কমিউনিটি শিল্ড (ইংলিশ সুপার কাপ) এবং ২০২৩-২৪ মৌসুমে ইএফএল চ্যাম্পিয়নশিপের খেতাব জেতেন এই বাংলাদেশি তারকা।

Visited 2 times, 1 visit(s) today