❐ প্রবাস ডেস্ক
জার্মানির বার্লিনে গভীর ভাবগাম্ভীর্য ও বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্ট এবং ২১শে আগস্ট গ্রেনেড হামলায় শহিদদের স্মরণে এক মিলাদ মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৩শে আগস্ট, রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বার্লিনের একটি মিলনায়তনে বার্লিন আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজিত এ শোক সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা।
অনুষ্ঠানের শুরুতে ১৫ই আগস্ট ও ২১শে আগস্টের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করা হয়। এরপর আলোচনা সভায় বার্লিনে বসবাসরত প্রবাসী বাঙালি ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
শোক সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহীয়ান জীবন, বাংলাদেশের স্বাধীনতায় তাঁর অনন্য সাধারণ অবদান এবং তাঁর পরিবারের সদস্যদের মহান আত্মত্যাগ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক শোকের এই দিনে সকল প্রবাসী বাঙালির প্রধান অঙ্গীকার।

