আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন তারেক রহমান: এনডিটিভি

আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন তারেক রহমান: এনডিটিভি
শেয়ার করুন

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সফরকে সামনে রেখে ঢাকা ও নয়াদিল্লিতে প্রস্তুতি শুরু হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সফরটি চূড়ান্ত হলে প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। ফলে দুই প্রতিবেশী দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের বৈঠক হতে পারে। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আলোচনায় বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয় গুরুত্ব পেতে পারে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, সফরটি দুই দিনের হতে পারে এবং মূলত দ্বিপক্ষীয় আলোচনাকেন্দ্রিক হবে।

তবে সফরের সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই ভারত সরকার তারেক রহমানকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছিল। পাশাপাশি আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস আউটরিচ অধিবেশনেও বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

সফরটি অনুষ্ঠিত হলে বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে নতুন করে আলোচনা ও সমঝোতার সুযোগ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

Visited 6 times, 1 visit(s) today