❐ নিজস্ব সংবাদদাতা
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রবেশের প্রধান ফটকের সামনে একটি বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।
আজ ১২ই আগস্ট, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আদালত পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন বোমা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন।
সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি হঠাৎ এসে একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এ সময় বিকট শব্দ হয়ে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। বোমার শব্দে আদালত চত্বরে উপস্থিত পুলিশ সদস্য, আইনজীবী ও বিচারপ্রার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা দিকবিদিক ছোটাছুটি শুর করেন নিরাপদ আশ্রয়ের খোঁজে।
আদালত পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন বলছেন, খবর পেয়ে বরিশাল মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তারা ঘটনাটি পর্যবেক্ষণ করছেন।
এদিকে এ ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিএনপি-জামায়াতের শাসনামলের (২০০১-২০০৬ ) মতো পুনরায় আদালতে জঙ্গিদের বোমা হামলার যুগ ফিরে এসেছে বলেও মন্তব্য করেছেন সাধারণ মানুষ।
খবর পেয়ে পুলিশ, সিআইডি, ডিবি এবং র্যাবের বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ঘিরে ফেলে বিভিন্ন আলামত সংগ্রহ শুরু করেন।

