রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে নিজ দেশ বাংলাদেশের সমর্থন না পেলেও দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) শীর্ষ পদে টিকে থাকতে কোনো সমস্যা হয়নি কাজী মোস্তাফিজুর রহমান সালাউদ্দিনের। নেপাল ও ভুটানের জোরালো সমর্থনে টানা পঞ্চমবারের মতো সংস্থাটির সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।
শনিবার ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হন সালাউদ্দিন। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য ও বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির সমীকরণ পরিবর্তন হলেও আঞ্চলিক ফুটবলে সালাউদ্দিনের অবস্থান অপরিবর্তিতই রয়েছে।
কংগ্রেসে অন্য এক সিদ্ধান্তে, ফিফার নিষেধাজ্ঞার কারণে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র থেকে আপাতত বাদ পড়েছে নেপাল। তবে সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা কাটিয়ে উঠলে টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ খোলা রেখেছে সাফ কর্তৃপক্ষ।
