“রাত ১২টায় পুকুরপাড়ে গেলেই মিলবে ফ্যামিলি কার্ড”: দরিদ্র নারীকে বিএনপি নেতার আশ্বাস

“রাত ১২টায় পুকুরপাড়ে গেলেই মিলবে ফ্যামিলি কার্ড”: দরিদ্র নারীকে বিএনপি নেতার আশ্বাস
শেয়ার করুন

❐ স্থানীয় সংবাদদাতা


নরসিংদীর শিবপুরে সরকারি সহায়তার ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার বিনিময়ে এক নারীকে অশালীন ও কুপ্রস্তাব দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি শিবপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আকন্দ।

২৭শে জুলাই, সোমবার ভুক্তভোগী নারীর অভিযোগ সংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে ভুক্তভোগী নারী অভিযোগ করে জানান, ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে বিএনপি নেতা আশরাফ উদ্দিন আকন্দ তাকে রাত ১২টার দিকে একটি নির্জন পুকুরপাড়ে দেখা করার প্রস্তাব দেন।

নারী আরও জানান, এর আগেও উক্ত নেতার অনৈতিক প্রস্তাবে সাড়া না দেওয়ার কারণে সরকার ঘোষিত গরিব ও অসহায়দের জন্য নির্ধারিত নানা সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা থেকে তাকে পরিকল্পিতভাবে বঞ্চিত করা হয়েছে।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েছে স্থানীয় বিএনপি।

এ বিষয়ে শিবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, “আমি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখেছি। আশরাফ উদ্দিন আমার সঙ্গে যোগাযোগ করে অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করেছেন। বিষয়টিকে আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। তদন্তে যদি অভিযোগের বিন্দুমাত্র সত্যতা পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, কোনো গোষ্ঠী বা ব্যক্তির প্ররোচনায় যদি এটি মিথ্যা বা চক্রান্তমূলক অভিযোগ হয়ে থাকে, সে ক্ষেত্রেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

দরিদ্র ও অসচ্ছল মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রে একজন নারীর প্রতি এমন অনৈতিক প্রস্তাবের ঘটনায় পুরো এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও তীব্র নিন্দার ঝড় বইছে।

সাধারণ মানুষের মতে, অসহায়ত্বের সুযোগ নিয়ে সামাজিক সহায়তার নামে রাজনৈতিক পদধারী ব্যক্তিদের এমন আচরণ কোনোভাবেই বরদাশত করার মতো নয়। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং অপরাধীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Visited 5 times, 1 visit(s) today