বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা

বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা
শেয়ার করুন

জাতীয় দলকে বিদায় জানালেন আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। বৃহস্পতিবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের এই সিদ্ধান্ত নিশ্চিত করেন ৩৮ বছর বয়সী এই সেন্টার ব্যাক। এর মধ্য দিয়েই অবসান ঘটল তার দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের, যেখানে তিনি আর্জেন্টিনার হয়ে একটি বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। সেই ফাইনাল ম্যাচটিই ছিল আলবিসেলেস্তেদের হয়ে ওতামেন্দির শেষ ম্যাচ। জাতীয় দলের জার্সি গায়ে তিনি মোট ১৩৯টি ম্যাচে মাঠ কাঁপিয়েছেন।

অবসরের বার্তা দিয়ে ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে ওতামেন্দি লেখেন, ‘আজ আমাকে ক্যারিয়ারের সবচেয়ে কঠিন লেখাটি লিখতে হচ্ছে। ভাগ্যের কী নির্মম পরিহাস, আমার শেষ ম্যাচটি হলো বিশ্বকাপের ফাইনাল। আমরা যে ফলাফল চেয়েছিলাম তা নিশ্চিতভাবেই অর্জন করতে পারিনি, তবে আমি মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। কারণ আমি জানি, একদম শেষ মুহূর্ত পর্যন্ত এই দল তাদের সবটুকু উজার করে দিয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ করতে দেয়ার জন্য ধন্যবাদ, আর্জেন্টিনা।’

ইউরোপের ফুটবলে সফল ১৬ বছর কাটানোর পর সম্প্রতি আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটে যোগ দিয়েছেন ওতামেন্দি। ইউরোপীয় ফুটবলে তিনি এফসি পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি ও বেনফিকার মতো শীর্ষ সারির ক্লাবে খেলেছেন। নিজের দীর্ঘ ক্যারিয়ারে তিনি দেশের হয়ে মোট চারটি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেন।

 

Visited 4 times, 1 visit(s) today