দাম বেড়েছে ফার্মের মুরগির

দাম বেড়েছে ফার্মের মুরগির
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


টানা বৃষ্টি ও জলাবদ্ধতার পর রাজধানীর বাজারে ব্রয়লার মুরগি ১৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ছিল ১৭৫ টাকা। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ১০ টাকা।

সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজার, যাত্রাবাড়ী, টিকাটুলি, পলাশীসহ কয়েকটি কাঁচাবাজার ঘুরে মূল্যের এ ঊর্ধ্বমুখী চিত্র পাওয়া গেছে।

১৫ই জুলাই, বুধবার রাজধানীর কারওয়ানবাজার, যাত্রাবাড়ী, টিকাটুলি, পলাশীসহ কয়েকটি বাজারের দোকানিরা এই তথ্য জানিয়েছেন।

কারওয়ানবাজারের বিক্রেতা মো. জয়নাল দুপুরে বলেন, পাইকারি বাজারে দাম বাড়ার কারণে আমাদেরও দাম বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে বাজারে সোনালি বা কক ৩২০ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ টাকা ও লেয়ার মুরগি ৩৪০ টাকা থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারে মুরগি কিনতে আসা এহসানুল হক বলেন, গত সপ্তাহে মুরগি কিনেছিলাম ১৭৫ টাকা দরে। কিন্তু আজ ১৮৫ টাকা কেজি দরে কিনলাম। তিনি আরও বলেন, বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে গত কয়েকদিন বাজারে আসতে পারিনি। আর আজ এসেই দেখি ১০ টাকা বেড়ে গেছে।

এদিকে রাজধানীর বিভিন্ন বাজারে গিয়ে দেখা গেছে, মুরগির দামের পাশাপাশি হাঁসের দাম পিস প্রতি ১৫০ থেকে ২০০ টাকা, ফার্মের মুরগির ডিম হালিপ্রতি ৫ থেকে ১০ টাকা এবং হাসের ডিমের দাম হালিপ্রতি ১০ টাকা করে বেড়েছে।

মাছ-সবজির বাজারে আগুন

বেড়েছে নিত্য প্রয়োজনীয় তরি-তরকারি এবং মাছের দামও। টানা বৃষ্টি বন্যা ও সরবরাহের সংকটের প্রভাব বলছেন বিক্রেতারা। ৬০ থেকে ৮০ টাকার নিচে কোনো সবজি মেলাই কঠিন হচ্ছে। টমেটো ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কাওরান বাজারে কাঁচামরিচের দাম বেড়ে প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে জেলেরা মাছ ধরতে না পারায় প্রজাতি ভেদে মাছের দাম কেজিতে বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে।

সব ধরনের চালের দাম অনেকটা স্থিতিশীল হলেও পোলাউয়ের চালের দাম চড়া। প্রতি কেজি পোলার চাল ১৯৫ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে বৈরী আবহাওয়ার ও রাস্তায় যানবাহন সংকটের কারণে পরিবহন ব্যয় বেড়েছে বলে জানান ক্রেতা ও বিক্রেতার।

Visited 5 times, 1 visit(s) today