❐ আন্তর্জাতিক ডেস্ক
বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা ও যুবসমাজের বাড়তে থাকা হতাশাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে নেপাল। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর পদত্যাগের দাবিতে গত তিন দিনে তিন তরুণ আত্মহুতির চেষ্টা করেছেন। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও একজন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দেশটিতে এসব ঘটনা ঘিরে বালেন্দ্র শাহের বিরুদ্ধে ক্ষোভ তীব্র হয়ে উঠেছে। কাঠমান্ডুর রাস্তায় নেমে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।
তাদের অভিযোগ, দেশের যুবসমাজের কর্মসংস্থান, আয় বৃদ্ধি ও ভবিষ্যৎ নিয়ে সরকারের কোনো কার্যকর পরিকল্পনা নেই।
জেন-জি নেপাল সংগঠনের দাবি, বালেন শাহ সরকার জনবিরোধী ও স্বৈরাচারী শাসন চালাচ্ছে।
সংগঠনটির আরও দাবি, সাম্প্রতিক বাজেট ও সরকারি নীতিতে যুবকদের কর্মসংস্থান বা আর্থিক নিরাপত্তা নিশ্চিতের মতো কোনো বাস্তব পদক্ষেপ দেখা যায়নি।
এদিকে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী শিবিরও। বিরোধী দল নেপালি কংগ্রেসের দাবি, রাষ্ট্রের ব্যর্থতার কারণেই এসব আত্মহত্যার ঘটনা ঘটছে।
