❐ নিজস্ব সংবাদদাতা
অসুস্থ মাকে চোখের দেখা দেখতে এসে শেষ রক্ষা হলো না কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য ও ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী সানজিদা আক্তারের। স্থানীয় বিএনপি-জামায়াতের মব সন্ত্রাসীদের গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৭শে জুন, শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কুমেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই হাইপ্রোফাইল নেত্রীকে আটক করা হয়। ২৮শে জুন, রোববার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উমেদপুর ইউনিয়নের ইসমাইল কবিরাজের মেয়ে সানজিদা আক্তার দীর্ঘদিন ধরে ঢাকায় রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। সম্প্রতি তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দেখতে কয়েক দিনের জন্য শিবচরের গ্রামের বাড়িতে আসেন তিনি। কিন্তু তার এই অতিগোপন অবস্থানের খবরটি স্থানীয় বিএনপি-জামায়াতের মব সন্ত্রাসীদের গোপন সংবাদে চলে যায় প্রশাসনের কাছে।
শনিবার গভীর রাতে শিবচর থানা পুলিশের একটি দল বাড়িটি অবরুদ্ধ করে এবং তাকে গ্রেপ্তার করে।
ছাত্র রাজনীতি থেকে উঠে আসা সানজিদা আক্তার ঢাকার ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থী। শিক্ষাজীবনে ইডেন কলেজ ছাত্রলীগের প্রথম সারির নেত্রী হিসেবে রাজপথে লড়েছেন তিনি। পরবর্তীতে নিজের রাজনৈতিক ক্যারিয়ার আরও সুসংহত করে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য পদের দায়িত্ব পান।
একই সাথে তিনি বঙ্গবন্ধু আইন ছাত্রপরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন আসছিলেন।
স্থানীয়রা সানজিদার গ্রেপ্তারে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাদের এমন প্রতিহিংসামূলক আচরণে। এ বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান অনেকেই।
অভিযানের বিষয়ে জানতে চাইলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গণমাধ্যমকে জানান, সানজিদা আক্তারের বিরুদ্ধে চব্বিশের জুলাই-আগষ্টের সংঘাত নিয়ে বিএনপি-জামায়াতের দেওয়া নাশকতার মামলা রয়েছে। সেই নাশকতার মামলার ওয়ারেন্ট মূলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে পাঠানো হলে, আদালতের নির্দেশে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
