জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুই দিন পর সেঁজুতি রাণী মালো (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ ২২শে জুন, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদ পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সেঁজুতি রাণী সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকার ফালু চন্দ্র মালোর মেয়ে এবং স্থানীয় সখীপুর আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ২০শে জুন, শনিবার বিকেলে সেঁজুতি উপজেলা পরিষদ মাঠে খেলতে গিয়ে আর বাড়িতে ফেরেনি। মেয়েকে না পেয়ে পরিবার এলাকায় মাইকিং করে এবং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
তবে এর মধ্যেই পরিবারের কাছে একটি ফোনকল আসে, যেখানে সেঁজুতিকে ফিরিয়ে দেওয়ার শর্তে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে পরিবারের দাবি।
ওই কলের প্রায় আধা ঘণ্টা পরই সোমবার সকালে স্থানীয়রা উপজেলা পরিষদ পুকুরে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম জানান, নিখোঁজের দুই দিন পর উপজেলা পরিষদ পুকুর থেকে সেঁজুতির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য তা টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
মুক্তিপণ দাবির ফোনকল এবং নিখোঁজের পর শিশুটির মরদেহ পুকুরে পাওয়ার ঘটনা দুটির মধ্যে সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এখনো এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।
