ফেনীতে ৪৫০ ইয়াবাসহ জেলা তাঁতী দলের শীর্ষ নেতা গ্রেপ্তার

ফেনীতে ৪৫০ ইয়াবাসহ জেলা তাঁতী দলের শীর্ষ নেতা গ্রেপ্তার
শেয়ার করুন

❐ জেলা প্রতিনিধি


ফেনী শহরের দাউদপুর এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবা বড়িসহ জেলা তাঁতী দলের এক শীর্ষ নেতা ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গতকাল ১৯শে জুন, শুক্রবার বিকেলে দাউদপুর সংলগ্ন এলাকায় এই গ্রেপ্তারের ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত তাঁতী দল নেতার নাম মোহাম্মদ মামুন (৬১)। তিনি ফেনী জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন। তার বাড়ি ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের চকবস্তা গ্রামে। তার সাথে গ্রেপ্তার হওয়া অপর সহযোগী হলেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মো. আবুল হোসেন (৪৬)।

আজ ২০শে জুন, শনিবার দুপুরে বিজ্ঞ আদালত তাঁদের দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে দাউদপুর এলাকায় ওঁত পেতে ছিল ডিএনসি-এর একটি বিশেষ দল। সন্দেহভাজন একটি মোটরসাইকেল সেখানে পৌঁছালে সেটিকে গতিরোধ করা হয়। এরপর মোটরসাইকেল আরোহী বিএনপি নেতা মোহাম্মদ মামুনের দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ৪৫০টি ইয়াবা।

মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিকভাবে আটক করা হয় তার সহযোগী আবুল হোসেনকেও।

এই ঘটনার পর শুক্রবার রাতেই জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) ইশতিয়াক হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন এবং আসামিদের পুলিশে সোপর্দ করেন।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস আজ দুপুরে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, মাদক আইনের মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামিকে দুপুরের দিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, মাদকমুক্ত সমাজ গঠনে ডিএনসি-এর এই নিয়মিত চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

Visited 4 times, 1 visit(s) today