পর্তুগালের বিশ্বকাপ ‘এখনই শেষ হয়ে যায়নি’: রোনালদো

পর্তুগালের বিশ্বকাপ ‘এখনই শেষ হয়ে যায়নি’: রোনালদো
শেয়ার করুন

বিশ্বকাপের প্রথম ম্যাচে পর্তুগালের খেলা নিয়ে যে সমালোচনা হচ্ছে, তা পাত্তাই দেননি ক্রিস্টিয়ানো রোনালদো।

টুর্নামেন্ট শুরুর আগে যাদের ফেভারিট ধরা হচ্ছিল, সেই পর্তুগাল গত বুধবারে হিউস্টনে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। খেলাটি মোটেও জমজমাট ছিল না।

৪১ বছর বয়সী রোনালদো পুরো ৯০ মিনিট খেলেও প্রতিপক্ষের গোলপোস্টে কোনো শট রাখতে পারেননি। এর ফলে বিশ্বকাপে টানা ৫ ম্যাচ এবং বড় টুর্নামেন্টগুলোতে টানা ১০ ম্যাচ গোলহীন রইলেন এই তারকা ফরোয়ার্ড।

ইএসপিএন-এর খবর অনুযায়ী, ম্যাচ শেষে সাংবাদিকদের রোনালদো বলেন, ‘কোনো কিছুর কমতি ছিল না। এটাই ফুটবল। পর্তুগাল জিততেও পারত, আবার হারতেও পারত।’

আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে রেকর্ড ৬টি বিশ্বকাপ খেলার কীর্তি গড়লেন রোনালদো। তবে ২০২১ সালের জুনের পর থেকে বিশ্বকাপ বা ইউরো চ্যাম্পিয়নশিপে পেনাল্টি ছাড়া কোনো গোল করতে পারেননি তিনি। অবশ্য ১৪৩টি গোল নিয়ে তিনিই পর্তুগালের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার বুধবারে যে তিনটি শট নিয়েছিলেন, তার সবগুলোই ছিল লক্ষ্যের বাইরে।

রোনালদো বলেন, ‘শুরুটা আমাদের মনের মতো হয়নি, তবে সবকিছু এখনই শেষ হয়ে যায়নি। মাথা উঁচু রাখুন এবং পরের ম্যাচের দিকে মন দিন।’

ম্যাচ শেষে রোনালদোর দলে থাকা নিয়ে ওঠা প্রশ্ন উড়িয়ে দিয়েছেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেস। তিনি বলেন, ‘যে ম্যাচে আপনার গোল দরকার, সেখানে বিশ্ব ফুটবলের সেরা গোলদাতাকে মাঠ থেকে তুলে নেওয়ার কোনো মানেই হয় না।’
পর্তুগাল আগামী মঙ্গলবার হিউস্টনে উজবেকিস্তানের সঙ্গে তাদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে এবং ২৭ জুনে ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে কলম্বিয়ার সঙ্গে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে।

Visited 12 times, 1 visit(s) today