মিরসরাই প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার বাড়িতে ১০-১২ জনের একটি সশস্ত্র দল হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল ৩০ মে, শনিবার রাত ৯টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের আবু নগর এলাকায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল্লাহ দিদারের বাড়িতে এই নজিরবিহীন হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে আবু নগর এলাকায় সাইফুল্লাহ দিদারের বাড়িতে হঠাৎ ১০-১২ জনের একটি দল প্রবেশ করে। হামলাকারীরা ওই বাড়ির পাঁচটি ভাড়াটিয়া কক্ষে ঢুকে তাণ্ডব চালায়।
ভুক্তভোগী ভাড়াটিয়ারা জানান, হামলাকারীরা ঘরে থাকা আসবাবপত্র ও মূল্যবান মালামাল তছনছ করে। শুধু তাই নয়, বাড়ির পানির সাপ্লাই লাইন ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি এক হাজার লিটারের দুটি পানির ড্রামও ভেঙে ফেলা হয়।
ভাড়াটিয়াদের সাক্ষ্য ও অভিযুক্তদের নাম
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভাড়াটিয়া ঘটনার ভয়াবহতা বর্ণনা করে বলেন, “একই এলাকার বিএনপির কর্মী হিসেবে পরিচিত নাঈম, হাসান ও সাইদুলের নেতৃত্বে ১০-১২ জন হঠাৎ আমাদের ঘরে ঢোকে। কিছু বুঝে ওঠার আগেই তারা ফার্নিচার ভাঙচুর শুরু করে এবং আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। যাওয়ার সময় তারা আমাদের প্রাণনাশের হুমকিও দিয়ে গেছে।”
হামলার তীব্র নিন্দা জানিয়ে সাইফুল্লাহ দিদার বলেন, “দীর্ঘ রাজনৈতিক জীবনে এমন ন্যাক্কারজনক ঘটনা আমাদের এলাকায় কখনো দেখিনি। ৫ আগস্টের পর থেকে এলাকায় কিছু মাদকসেবী ও বখাটে ত্রাসের রাজত্ব শুরু করেছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই হামলা চালানো হয়েছে।”
এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, হামলার ঘটনাটি সম্পর্কে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নয়। তবে তিনি আশ্বস্ত করে বলেন, “ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ দিলে আমরা দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”
