আত্মঘাতী গোলে রোনালদোর শিরোপার অপেক্ষা বাড়ল

আত্মঘাতী গোলে রোনালদোর শিরোপার অপেক্ষা বাড়ল
শেয়ার করুন

ইনজুরি টাইমে গোলরক্ষক বেন্তোর এক মুহূর্তের ভুল। আর তাতেই উল্লাস বিষাদে রূপ নিল আল নাসর শিবিরে। মঙ্গলবার রাতে আল হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। এই ড্রয়ে পর্তুগিজ তারকার প্রথম সৌদি প্রো লিগ শিরোপা জয়ের অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো।

নিজেদের মাঠে গ্যালারি ভরা সমর্থকদের সামনে আল নাসর যখন শিরোপা উদযাপনের অপেক্ষায়, ঠিক তখনই ঘটল অঘটন। যোগ করা সময়ের অষ্টম মিনিটে একটি লম্বা থ্রো-ইন বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালেই জড়িয়ে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক বেন্তো। স্তব্ধ হয়ে যায় পুরো স্টেডিয়াম।

লিগে আল নাসরের হাতে বাকি আছে আর মাত্র একটি ম্যাচ। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে তারা এখনো ৫ পয়েন্টে এগিয়ে। তবে আল হিলাল একটি ম্যাচ কম খেলেছে। আগামী সপ্তাহে দামাকের বিপক্ষে জয় পেলেই শিরোপা নিশ্চিত করতে পারবে রোনালদোর দল।

২০২৩ সালে সৌদি আরবের ফুটবলে পা রাখার পর থেকে এখনো কোনো ঘরোয়া শিরোপার দেখা পাননি ৪১ বছর বয়সী রোনালদো। তার হাত ধরেই নেইমার, বেনজেমার মতো বিশ্বসেরা তারকারা সৌদি লিগে নাম লিখিয়েছেন, যা বিশ্ব ফুটবলে নতুন এক উন্মাদনা তৈরি করেছে। তবে ব্যক্তিগত সাফল্য ছাপিয়ে এখন দলগত একটি শিরোপার জন্যই তীর্থের কাকের মতো অপেক্ষা করছেন সিআরসেভেন।

Visited 1 times, 1 visit(s) today