❐ নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ সরকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলী টানেল ও পদ্মা সেতু প্রকল্পে অপ্রয়োজনীয় খরচ করেছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার মতে এসব খরচ না হলে ভালো কিছু করা যেত।
আজ ১১ই মে, সোমবার জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।
এ সময় দুর্নীতি-সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে না দেখার আহ্বান জানিয়ে পুলিশের উদ্দেশে তারেক রহমান বলেন, সরকার পুলিশ বাহিনীকে এমন রূপ দিতে চায় যা হবে সত্যিকারভাবে জনবান্ধব। পুলিশ প্রশাসন হলো সরকারের আয়না। দুর্নীতি-সন্ত্রাসের ঘটনাকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচনা করুন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ চেষ্টা করলে সমৃদ্ধ ও স্বনির্ভর নিরাপদ মানবিক বাংলাদেশ গড়ার পথে এক ধাপ এগিয়ে যাবে দেশ।
তারেক রহমান বলেন, পুলিশ সদস্যদের বহুমুখী দক্ষ হওয়া প্রয়োজন। পুলিশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতা জরুরি। পেশাদারিত্বের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করবেন না।
সততা, মেধা ও দক্ষতাই হবে পুলিশ বাহিনীর নিয়োগ, বদলি কিংবা পদোন্নতির মূলনীতি। জনগণ কীভাবে সরকারকে দেখে বা মূল্যায়ন করে, তা অনেকটাই নির্ভর করে পুলিশের ভূমিকার ওপর। তাই বাহিনীর সদস্যদের মানবিকতার গুণগুলো রপ্ত করতে হবে, বলেন প্রধানমন্ত্রী।
জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার, জানান তিনি।
এ সময় তারেক রহমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলী টানেল এবং পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ করা না হলে সবক্ষেত্রেই বেটার কিছু করা যেত।
