❐ নিজস্ব প্রতিবেদক
ভ্রূণের লিঙ্গ পরিচয় নির্ধারণ ও প্রকাশ বন্ধে করা রিটের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।
আজ ১১ই মে, সোমবার প্রকাশিত এই রায়ে অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ নারীর প্রতি বৈষম্য, কন্যাশিশু হত্যার ঝুঁকি ও সাংবিধানিক অধিকারের পরিপন্থি বলে ঘোষণা করা হয়েছে।
বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ স্বাস্থ্য অধিদপ্তরকে ৬ মাসের মধ্যে অনাগত শিশুর ডায়াগনস্টিক তথ্য সংরক্ষণে কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ দিয়েছেন।
রিটকারী আইনজীবী ইশরাত হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
রায়ে আদালত জানান, এ ধরনের চর্চা নারীর মর্যাদা, সমতা ও জীবনের অধিকারের বিরুদ্ধে এবং সংবিধানের একাধিক অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।
এর আগে ২০২০ সালের ২৬শে জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান গর্ভের শিশুর পরিচয় প্রকাশ বন্ধে এ রিট আবেদন করেন।
