❐ নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় খোকন গাজী নামের যুবলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ ৮ই মে, শুক্রবার দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে মোহাম্মদপুর থানাধীন গণভবন ক্রসিং মোড় এলাকায় এ মিছিল হয়।
এসময় তাদের হাতে ছিল দলীয় ব্যানার এবং মুখে ছিল- ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বিদ্যুৎ দে টিকা দে–নইলে গদি ছাইড়া দে; শেখ হাসিনা আসবে–বাংলাদেশ হাসবে’সহ নানা স্লোগান।
একইসাথে আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধেও স্লোগান দেন তারা।
ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, একটি দল গণভবন ক্রসিং মোড় থেকে ইকবাল রোডের দিকে বিক্ষোভ মিছিল বের করে। খবর পেয়ে মোহাম্মদপুর থানার টহল দলের এসআই রাজু আহমেদ ঘটনাস্থলে অভিযান চালান। এসময় মিছিল থেকে মো. খোকন কাজী (৪০) নামে এক যুবলীগ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
খোকন কাজী ভোলা জেলার লালমোহন থানার চর টিটিয়া এলাকার মৃত সুলতান কাজীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়েছে। যাতে মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবের ছবি ছিল।
মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, “এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, আটক ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
