‘গুপ্ত, গুপ্ত, ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে আমির হামজাকে কলেজে অবরুদ্ধ

‘গুপ্ত, গুপ্ত, ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে আমির হামজাকে কলেজে অবরুদ্ধ
শেয়ার করুন

❐ জেলা প্রতিনিধি


কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের ইউনিট সদস্য আমির হামজাকে অবরুদ্ধ করে বিদ্রুপাত্মক স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে।

আজ ৭ই মে, বৃহস্পতিবার কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালে তাকে অবরুদ্ধ করা হয়।

আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে অবরুদ্ধ করার তথ্যটি নিশ্চিত করা হয়েছে। এতে দাবি করা হয়েছে, কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালে আমির হামজাকে অবরুদ্ধ করে ছাত্রদলের নেতাকর্মীরা।

ক্যাম্পাস সূত্র বলছে, বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে সরকারি কলেজ মাঠে আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন আমির হামজা। তখন সাধারণ শিক্ষার্থীরা মঞ্চের সামনে জড়ো হয়ে ‘গুপ্ত, গুপ্ত, ভুয়া, ভুয়া’ স্লোগান দেন। পরে টুর্নামেন্টের উদ্বোধনের জন্য মাঠে প্রবেশ করলে শিক্ষার্থীরা সেখানে গিয়েও আমির হামজাকে ঘিরে ধরে স্লোগান দেন এবং মাঠে বসে পড়েন।

অবস্থা বেগতিক দেখে কলেজের অধ্যক্ষ দ্রুত জামায়াত নেতা আমির হামজাকে নিয়ে তার কার্যালয়ে ঢুকে পড়েন। শিক্ষার্থীরা তখন অধ্যক্ষের কার্যালয়ে গিয়েও একইভাবে স্লোগান দেন

পরে খবর পেয়ে পুলিশ সদস্যরা অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে আমির হামজাকে সাথে নিয়ে কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে তিনি আমির হামজাকে অধ্যক্ষের কক্ষে দেখতে পান।

তবে আমির হামজাকে অবরুদ্ধ করে রাখার বিষয়টি অস্বীকার করেন ওসি।

Visited 18 times, 1 visit(s) today