পানছড়িতে ইউপিডিএফ-গণতান্ত্রিক সদস্য ইমন হোসেনকে গুলি করে হত্যা

পানছড়িতে ইউপিডিএফ-গণতান্ত্রিক সদস্য ইমন হোসেনকে গুলি করে হত্যা
শেয়ার করুন

❐ স্থানীয় সংবাদদাতা


পাহাড়ের জনপদে ফের ঝরল রক্ত। খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রকাশ্য দিবালোকে মো. ইমন হোসেন (২৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ইমন আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ-গণতান্ত্রিকের সক্রিয় সদস্য ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ৭ই মে, বৃহস্পতিবার সকালবেলা পানছড়ি-লোগাং সড়কের ইসলামপুর এলাকার একটি দোকানের সামনে অবস্থান করছিলেন ইমন। এসময় হঠাৎ একদল সশস্ত্র দুর্বৃত্ত সেখানে উপস্থিত হয়ে তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি বর্ষণ করে দ্রুত পালিয়ে যায়।

গুলির শব্দে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়। নিহত ইমন পানছড়ির মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় পাহাড়ের আঞ্চলিক রাজনীতির উত্তেজনা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে।

ইউপিডিএফ-গণতান্ত্রিকের খাগড়াছড়ি জেলা সংগঠক অমর চাকমা নিহত ইমনকে নিজ সংগঠনের কর্মী হিসেবে শনাক্ত করেন। তিনি এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি প্রতিদ্বন্দ্বী সংগঠন ইউপিডিএফ (প্রসিত গ্রুপ)-কে দায়ী করেছেন।

তবে এই অভিযোগের বিষয়ে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ)-এর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। লাশ উদ্ধার ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

পাহাড়ের দীর্ঘদিনের ভ্রাতৃঘাতী সংঘাতের অংশ হিসেবেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছেন স্থানীয়রা। এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Visited 11 times, 1 visit(s) today