বিডি ডাইজেস্ট প্রতিবেদন
জমি-জমা দখল, কবরস্থান দখল, মাছ চুরি, হামলা-মামলা ও দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগ এনে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন আফরোজা আক্তার নামে এক নারী।
বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।
লিখিত বক্তব্যে আফরোজা আক্তার অভিযোগ করেন, তার ভাইপো কেন্দ্রীয় বিএনপির সদস্য মহসিন কবীরের নেতৃত্বে পরিবারের কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন তার ভাই রুহুল আমিন, সামছুজ্জামান খোকন, ডেন্টিস্ট ডা. নাসিম জামান রিফাতসহ পরিবারের আরও কয়েকজন সদস্য ও কর্মচারী।
তিনি দাবি করেন, অভিযুক্তরা তার ভোগদখলীয় জমি ও পুকুর দখলের চেষ্টা করছেন। পাশাপাশি পুকুর থেকে মাছ চুরি, মায়ের ও সন্তানের কবর দখল, ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা মামলা দায়ের এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার মতো বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে বিরোধ মীমাংসার উদ্দেশ্যে অভিযুক্তদের বাড়িতে গেলে তাকে অপমান করে বের করে দেওয়া হয়। পরবর্তীতে তার পুকুর থেকে মাছ চুরি করা হয়। এ বিষয়ে প্রতিবাদ করলে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে হয়রানি করা হয় বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও জানান, থানায় একাধিকবার অভিযোগ দিয়েও সঠিক বিচার পাননি। বরং প্রভাব খাটিয়ে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে, যা তার পরিবারকে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
সংবাদ সম্মেলনে আফরোজা আক্তার অডিও-ভিডিও, সাধারণ ডায়েরি (জিডি), মামলা সংক্রান্ত কাগজপত্র এবং পুকুর লিজের চুক্তিপত্রসহ বিভিন্ন নথি উপস্থাপন করেন। তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রকৃত ঘটনা দেশবাসীর সামনে তুলে ধরার আহ্বান জানান। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
