❐ স্থানীয় সংবাদদাতা
খাগড়াছড়ির রামগড়ে আনন্দঘন বিয়ের অনুষ্ঠানে এসে পুলিশের অভিযানে আটক হলেন যুবলীগের তিন নেতা। দলের নেতার মেয়ের বিয়ের আনন্দ ভাগ করে নিতে এসে শেষ পর্যন্ত তাদের গন্তব্য হলো আদালত ও কারাগার।
ঘটনাটি ঘটেছে রামগড় পৌরসভার বল্টুরামটিলা ও মুসলিমপাড়া এলাকায়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম (৩৪), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (৩১) এবং সদস্য মো. মানিক ওরফে আব্দুল মালেক (২৭)।
জানা যায়, স্থানীয় এক যুবলীগ নেতার মেয়ের বিয়ের দাওয়াত খেতে গত ৩০শে এপ্রিল, বৃহস্পতিবার বিকেলে এলাকায় যান তারা। ১লা মে, শুক্রবার দুপুরে বিয়ের মূল অনুষ্ঠান থাকলেও বৃহস্পতিবার রাতে তারা গায়ে হলুদের অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে নিজ নিজ বাড়িতে ঘুমানোর প্রস্তুতি নিয়েছিলেন তারা। কিন্তু স্থানীয় বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা তাদের গতিবিধির ওপর নজর রাখছিল। তারা পুলিশে খবর দেয়।
বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের দেওয়া খবরের ভিত্তিতে শুক্রবার ভোর ৪টার দিকে রামগড় থানার একটি দল গিয়ে ঘুমন্ত অবস্থায় যুবলীগ নেতাদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, গ্রেপ্তারকৃত তিন নেতার বিরুদ্ধেই দুটি করে জুলাই মামলার পরোয়ানা ছিল। তারা বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এলাকায় এসেছেন বলে খবর পাই।
গ্রেপ্তারের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
