ড্রেসিংরুমে ভ্যাপ করার দায়ে রাজস্থানের পরাগের জরিমানা

ড্রেসিংরুমে ভ্যাপ করার দায়ে রাজস্থানের পরাগের জরিমানা
শেয়ার করুন

খেলা চলাকালীন ড্রেসিংরুমে ভ্যাপ (ই-সিগারেট) পান করার দায়ে রাজস্থান রয়্যালস অধিনায়ক রিয়ান পরাগকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ চলাকালীন ২৪ বছর বয়সী পরাগের ই-সিগারেট ব্যবহারের দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয় এবং দ্রুতই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

২০১৯ সালের একটি আইনের অধীনে ভারতে ই-সিগারেট নিষিদ্ধ। এই আইনে নিকোটিন থাকুক বা না থাকুক, ই-সিগারেট উৎপাদন, আমদানি, বিক্রি এবং মজুত করা নিষিদ্ধ।

লিগের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘রিয়ান নিজের অপরাধ স্বীকার করেছেন এবং শাস্তি মেনে নিয়েছেন।’ বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, দলের এই অধিনায়কের নামের সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হবে।

আইপিএল আরও জানিয়েছে যে, লিগের সুনাম যেন ‘অক্ষুণ্ণ থাকে’ তা নিশ্চিত করতে রাজস্থান রয়্যালস, দলের কর্মকর্তা ও খেলোয়াড়দের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়ার উপায় খুঁজছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ভারতের ই-সিগারেট আইন লঙ্ঘনের দায়ে ৫,০০,০০০ রুপি (৬,০০০ ডলার) পর্যন্ত জরিমানা এবং জেল হতে পারে। ব্যক্তিগতভাবে এটি নিজের কাছে রাখা এবং প্রকাশ্যে ভ্যাপ পান করাও দেশটিতে নিষিদ্ধ।

প্রয়াত অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নের নেতৃত্বে ২০০৮ সালের প্রথম আইপিএল জয়ী দল রাজস্থানের টিম ম্যানেজার রবীন্দ সিং ভিন্দারও সম্প্রতি ম্যাচ চলাকালীন ডাগআউটে মোবাইল ফোন ব্যবহারের কারণে ১,০০,০০০ রুপি জরিমানার সম্মুখীন হয়েছিলেন।

Visited 5 times, 1 visit(s) today