৯ গোলের পাগলাটে লড়াইয়ে বায়ার্নকে হারালো পিএসজি

৯ গোলের পাগলাটে লড়াইয়ে বায়ার্নকে হারালো পিএসজি
শেয়ার করুন

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগেই ফুটবল বিশ্ব দেখল এক রুদ্ধশ্বাস কাব্যগাঁথা। মঙ্গলবার রাতে পার্ক দে প্রিন্সেসের সবুজ গালিচায় যেন গোলের মেলা বসেছিল। বায়ার্ন মিউনিখকে ৫-৪ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছে পিএসজি। টুর্নামেন্টের এই পর্যায়ে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ গোলের রেকর্ড।

ম্যাচের শুরু থেকেই ছিল আক্রমণ-পাল্টা আক্রমণের উন্মাদনা। ১৭ মিনিটে পেনাল্টি থেকে হ্যারি কেইন বায়ার্নকে লিড এনে দিলেও খিভিচা কভারাসখেলিয়া ও জোয়াও নেভেসের গোলে দ্রুতই ম্যাচে ফেরে পিএসজি। এরপর মাইকেল ওলিসে সমতা আনলেও প্রথমার্ধের শেষে উসমান দেম্বেলের পেনাল্টিতে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় প্যারিসিয়ানরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে কভারাসখেলিয়া ও দেম্বেলে নিজেদের জোড়া গোল পূর্ণ করলে ব্যবধান ৫-২ হয়ে যায়। বায়ার্ন তখন কোণঠাসা হয়ে পড়লেও দমে যায়নি। উপামেকানো ও লুইস দিয়াজের দুই গোল লড়াইয়ে প্রাণ ফিরিয়ে আনে। শেষ মুহূর্তে মায়ুলুর শট পোস্টে লেগে ফিরে এলে বেঁচে যায় পিএসজি।

৯ গোলের এই পাগলাটে লড়াই আগামী বুধবারের ফিরতি লেগের রোমাঞ্চ কয়েক গুণ বাড়িয়ে দিল। ৩০ মে বুদাপেস্টের ফাইনালের টিকিট পেতে মিউনিখে এখন বায়ার্নকে করতে হবে অসাধ্য সাধন, আর পিএসজি চাইবে তাদের এই নড়বড়ে লিড আগলে রাখতে।

Visited 12 times, 1 visit(s) today