❐ জেলা প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে এক শিক্ষিকাকে জুতাপেটা করেছেন স্থানীয় বিএনপি নেতা শাহাদাত হোসেন।
অভিযুক্ত শাহাদাত জয়নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।
ঘটনার সময় কলেজে ভাঙচুর ও আরও কয়েকজন শিক্ষককে মারধরের ঘটনাও ঘটেছে। এতে অধ্যক্ষসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এসময় কলেজের অধ্যক্ষকেও মারধর করে তারা।
গতকাল দুপুরে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। পরীক্ষাকেন্দ্র হওয়ায় কলেজ ও আশপাশের ১০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি ছিল এবং সকাল থেকেই সেখানে পুলিশ মোতায়েন ছিল।
প্রত্যক্ষদর্শী, শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, দুপুরের দিকে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তর্কে জড়ান। বিশেষ করে আগের অধ্যক্ষের সময়কার আয়-ব্যয়ের হিসাব চাওয়া নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়।
এক পর্যায়ে কথাকাটাকাটির জেরে প্রভাষক আলেয়া খাতুন হীরাকে মারধর করা হয়। পরে আরও লোকজন এসে অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষকের ওপর হামলা চালায় এবং অফিস কক্ষে ব্যাপক ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীরা।
আহতদের মধ্যে রয়েছেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলমসহ আরও দুই কর্মচারী। তাদের কয়েকজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রভাষক আলেয়া খাতুন হীরা জানান, অভিযুক্তরা বিভিন্ন সময় কলেজে এসে হিসাবের নামে চাঁদা দাবি করতেন। অধ্যক্ষের পক্ষে অবস্থান নেওয়ায় তাকেও হামলার শিকার হতে হয়েছে।
অন্যদিকে স্থানীয় বিএনপি নেতা আকবর আলী বলেন, আগের অনিয়ম-দুর্নীতির হিসাব চাইতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। প্রথমে শিক্ষিকা আলেয়া খাতুন হীরা তাদের ওপর আক্রমণ করেন, এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, চার মাস আগে দায়িত্ব নেওয়ার পর থেকেই বিএনপির বিভিন্ন পক্ষ তার কাছে চাঁদা দাবি করে আসছিল। তিনি তা প্রত্যাখ্যান করায় বিরোধ তৈরি হয়।
দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল এবং উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করা হয়। তবে কিছু ব্যক্তি জোরপূর্বক কলেজে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়।
