কৃষি কার্ড না থাকায় মিলছে না জ্বালানি: স্প্রে বন্ধ থাকায় আমচাষে বিপর্যয়

কৃষি কার্ড না থাকায় মিলছে না জ্বালানি: স্প্রে বন্ধ থাকায় আমচাষে বিপর্যয়
শেয়ার করুন

❐ স্থানীয় সংবাদদাতা


সাম্প্রতিক শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাঁপাইনবাবগঞ্জের আমবাগানগুলোতে এখন ছত্রাকনাশক স্প্রে করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তবে জ্বালানি তেলের সংকটে সেই প্রয়োজনীয় কাজ করতে পারছেন না অনেক চাষি ও বাগান মালিক।

বাগান সংশ্লিষ্টদের অভিযোগ, বর্তমানে অনেক পাম্পে কৃষি কার্ডের মাধ্যমে অ্যাপ ব্যবহার করে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে। কিন্তু অধিকাংশ আমচাষির কাছে কৃষি কার্ড না থাকায় তারা তেল সংগ্রহ করতে পারছেন না। ফলে বাগান পরিচর্যা কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে।

শিলাবৃষ্টির পর দ্রুত ছত্রাকনাশক প্রয়োগ না করলে আমের আরও ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন চাষিরা। এ অবস্থায় জ্বালানি সংকট তাদের জন্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই ব্যবস্থা চাষিদের হয়রানির জন্য নয়, বরং জ্বালানি সরবরাহে শৃঙ্খলা আনতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষি কার্ড না থাকলেও বিকল্প ব্যবস্থায় তেল সংগ্রহের সুযোগ রয়েছে বলে দাবি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন বলেন, কৃষি কার্ড না থাকলে সংশ্লিষ্ট কৃষি অফিস থেকে বিশেষ প্রত্যয়নপত্র নিয়ে চাষিরা জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন।

তবে আমচাষিদের দাবি, জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সহজভাবে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে হবে। আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে কার্যকর পদক্ষেপ না নিলে বাগানের ক্ষতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

Visited 18 times, 1 visit(s) today