৩০ টাকা বাকি নিয়ে তর্কে চবিতে দোকানিকে পেটালেন ছাত্রদলের যুগ্ম সম্পাদক

৩০ টাকা বাকি নিয়ে তর্কে চবিতে দোকানিকে পেটালেন ছাত্রদলের যুগ্ম সম্পাদক
শেয়ার করুন

❐ ক্যাম্পাস প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বকেয়া টাকা নিয়ে সামান্য কথা-কাটাকাটির জেরে এক সাবেক শিক্ষার্থী ও বর্তমান ক্ষুদ্র ব্যবসায়ীকে মারধর ও দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের এক শীর্ষ নেতার বিরুদ্ধে।

গতরাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদ সংলগ্ন ঝুপড়ি এলাকায় এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।

জানা গেছে, অভিযুক্ত জালাল সিদ্দিকী শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অন্যদিকে, ভুক্তভোগী দোকানি হামিদ মোহাম্মদ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) সাবেক ছাত্র, যিনি বর্তমানে ক্যাম্পাসে দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, মাত্র ৩০ টাকা বাকি রাখা নিয়ে তর্কের জেরে পরিস্থিতির অবনতি হয় এবং এক পর্যায়ে জালাল সিদ্দিকী দোকানির ওপর চড়াও হন।

ভুক্তভোগী ও অভিযুক্তের বক্তব্যে ঘটনার কিছুটা ভিন্নতা পাওয়া গেছে।

দোকানি হামিদ মোহাম্মদ বলেন, “কথার এক পর্যায়ে জালাল সিদ্দিকী আমার গায়ে হাত তোলেন এবং দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত করেন। পরে তিনি ক্ষমা চাইলেও কোনো ক্ষতিপূরণ দেননি। আমি একজন সিনিয়র শিক্ষককে বিষয়টি জানিয়েছি।”

ছাত্রদল নেতা জালাল সিদ্দিকী: “তিনি সবার কাছে বলে বেড়াচ্ছেন আমি টাকা বাকি রাখি, যা শুনে আমি মেজাজ হারিয়ে ফেলি। তবে আমি মারধর বা ভাঙচুর করিনি। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করেছি।”

ঘটনাটি নিয়ে শাখা ছাত্রদলের অভ্যন্তরেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, “আমরা বিষয়টি দেখার আশ্বাস দিয়ে চলে আসার পর ভাঙচুরের খবর পাই।”

চবি ছাত্রদলের সভাপতি মো. আলাউদ্দিন মহসিন বলেন, “ঘটনার সত্যতা যাচাই করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পাসে এমন সংস্কৃতি আমরা বরদাশত করব না।”

ক্যাম্পাসে ছাত্ররাজনীতির ইতিবাচক ধারার বদলে সামান্য আর্থিক লেনদেন নিয়ে সাবেক শিক্ষার্থীর ওপর বর্তমান নেতার এমন চড়াও হওয়ার ঘটনা সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংগঠন অভিযুক্তের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করে।

Visited 6 times, 1 visit(s) today