চুয়েটে ছাত্রদল সভাপতির ‘মাস্তানি’, শিক্ষার্থীর কলার ধরে হেনস্তার অভিযোগ

চুয়েটে ছাত্রদল সভাপতির ‘মাস্তানি’, শিক্ষার্থীর কলার ধরে হেনস্তার অভিযোগ
শেয়ার করুন

❐ ক্যাম্পাস প্রতিনিধি


চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) এক সাধারণ শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তা করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদের বিরুদ্ধে। পহেলা বৈশাখের ব্যানার টানানোকে কেন্দ্র করে ঘটা এই ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থীর বর্ণনা অনুযায়ী, ১৩ই এপ্রিল, সোমবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। টিউশনি শেষ করে ফেরার পথে ওই শিক্ষার্থী দেখতে পান ছাত্রদলের নেতাকর্মীরা পহেলা বৈশাখ উপলক্ষে ব্যানার টাঙাচ্ছেন। কৌতূহলবশত তিনি সেখানে দাঁড়িয়ে ছবি তুলতে চাইলে বাধার মুখে পড়েন।

ভুক্তভোগী শিক্ষার্থীর দাবি, ছবি তুলতে চাওয়ায় ছাত্রদল সভাপতি ওয়াসিফ রাশেদ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাকে জেরা করতে শুরু করেন।

অভিযোগ করা হয়, রাশেদ ও তার সঙ্গীরা ওই শিক্ষার্থীর শার্টের কলার ধরে টানাটানি করে। পরে জোরপূর্বক তাকে দিয়ে ব্যানার টানানোর চেষ্টা করা হয়।

এসময় উপস্থিত অন্য শিক্ষার্থীরা ভুক্তভোগী শিক্ষার্থীকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান।

পরে ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানান, “ঘটনাটি আমার ওপর গভীর মানসিক প্রভাব ফেলেছে। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি এই অপমানের বিচার চাই।”

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন চুয়েট ছাত্রদল সভাপতি ওয়াসিফ রাশেদ তিনি দাবি করেন, শারীরিক লাঞ্ছনার বিষয়টি সম্পূর্ণ বানোয়াট।

তার ভাষ্যমতে, “ব্যানার টানানোর সময় ওই ছাত্রের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে মাত্র, কোনো বকাঝকা বা লাঞ্ছনা করা হয়নি।”

চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক মো. মুক্তার হোসাইন জানান, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে।

তিনি বলেন, “আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলে একটি তদন্ত কমিটি গঠন করব। তদন্তে দোষী প্রমাণিত হলে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় বইছে। সাধারণ শিক্ষার্থীদের মতে, রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রসংগঠনের নেতার এমন ‘মাস্তানি’ সুলভ আচরণ উদ্বেগজনক। তারা ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

Visited 36 times, 1 visit(s) today