বিশেষ প্রতিবেদক
ঢাকা, ১৬ এপ্রিল — জ্বালানি সংকটের মধ্যে দেশের একমাত্র শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে যাওয়ার আগে আগেই সরকার টেন্ডার ছাড়াই দুটি বিদেশি কোম্পানিকে প্রায় ২ লাখ টন ডিজেল সরবরাহের কাজ দিয়েছে। এর মধ্যে একটি কোম্পানি — K&R International Trading (UK) Ltd — এতটাই সন্দেহজনক যে, এটিকে ‘শেল কোম্পানি’ বলে মনে করছেন অনেকে।
ব্রিটেনের Companies House রেকর্ড অনুযায়ী, কোম্পানিটি নিবন্ধিত হয়েছে মাত্র ১৪ মাস আগে (ফেব্রুয়ারি ২০২৫)। নিবন্ধনের সময় এর প্রধান ব্যবসা ছিল আইটি কনসালট্যান্সি ও ইঞ্জিনিয়ারিং পরামর্শ — জ্বালানি বা তেল-গ্যাস ব্যবসার সঙ্গে এর কোনো সম্পর্কই ছিল না। অফিসের ঠিকানা হিসেবে দেখানো হয়েছে ভার্চুয়াল অ্যাড্রেস, যেখানে বাস্তবে কোনো কার্যালয়, কর্মচারী বা অপারেশনাল অবকাঠামো নেই। এ ধরনের ঠিকানা সাধারণত মানি লন্ডারিং, জালিয়াতি বা শেল কোম্পানির কাজে ব্যবহৃত হয়।
সূত্র জানায়, বৈঠকে মোট তিনটি কোম্পানির প্রস্তাব ছিল। তৃতীয়টি ছিল দেশীয় প্রতিষ্ঠান সিকদার ইন্টারন্যাশনাল। তাদের বাদ দেওয়া হয়েছে এই যুক্তিতে যে, তারা ডলারে পারফরম্যান্স গ্যারান্টি দিতে পারবে না। অথচ যে দুটি বিদেশি কোম্পানিকে কাজ দেওয়া হয়েছে, তার মধ্যে K&R-এর কোনো জ্বালানি ব্যবসার অভিজ্ঞতা নেই এবং অন্যটিরও (YAR Energy AG) এই ধরনের বড় সাপ্লাইয়ের ট্র্যাক রেকর্ড নিয়ে প্রশ্ন উঠেছে।

Screenshot
সবচেয়ে উদ্বেগের বিষয় — উচ্চমূল্যে এই চুক্তি সম্পাদন করা হয়েছে বলে অভিযোগ। খোলা দরপত্র না থাকায় বাজারদরের সঙ্গে তুলনা করার কোনো সুযোগই হয়নি।
সরকারি ক্রয় নিয়ম অনুযায়ী, মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পর একই দিনে ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা হওয়ার কথা। কিন্তু সেদিন সেই সভা হয়নি। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বিষয়ে কথা বলতে রাজি হননি। জ্বালানি সচিবকে বার্তা দিয়েও কোনো সাড়া মেলেনি। মন্ত্রণালয়ের মুখপাত্রও নীরব রয়েছেন।
মালিকের রহস্যময় পরিচয়
K&R International Trading (UK) Ltd-এর একমাত্র ডিরেক্টর ও মালিক Francis John Kiernan। Companies House-এ তিনি নিজেকে আইরিশ নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন। অথচ একই ঠিকানায় তার আগের একটি এনার্জি কোম্পানিতে তিনি ব্রিটিশ নাগরিক হিসেবে নিবন্ধিত ছিলো। নতুন কোম্পানি খোলার পর ঠিকানা পরিবর্তন করেছেন মাত্র এক বছর আগে।
Francis John Kiernan একজন আইনজীবী। তিনি লন্ডনের Guernica 37 Chambers নামক ল ফার্মে কাজ করেন। এই চেম্বার্সের কো-ফাউন্ডার Toby Cadman — যাকে বর্তমান ইউনুস সরকার শেখ হাসিনার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছিল। Kiernan-এর আরেক সহকর্মী হলেন পাবনা-১ আসনের জামায়াতের সাবেক এমপি, যুদ্ধাপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামীর পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

জামায়াতের সংসদ সদস্যরা সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করে থাকেন। কিন্তু BPC-র তালিকাভুক্ত নয়, টেন্ডারবিহীন, অভিজ্ঞতাহীন এবং সন্দেহজনক কোম্পানি থেকে উচ্চমূল্যে ডিজেল কেনার বিষয়ে তাদের পক্ষ থেকে এখনও কোনো প্রশ্ন বা বিরোধিতা দেখা যায়নি।
জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, চলমান ভূ-রাজনৈতিক সংকটের মধ্যে জরুরি ভিত্তিতে ডিজেল আমদানি প্রয়োজন হলেও, স্বচ্ছতা ও প্রতিযোগিতা ছাড়া এ ধরনের বড় চুক্তি জ্বালানি নিরাপত্তার পাশাপাশি জনগণের অর্থের অপচয়ের ঝুঁকি তৈরি করছে। এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর বক্তব্য জানার চেষ্টা করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি।
Visited 52 times, 1 visit(s) today
