এনসিপির নেত্রী জুলাইযোদ্ধা রাফিয়া মারা গেছেন

এনসিপির নেত্রী জুলাইযোদ্ধা রাফিয়া মারা গেছেন
শেয়ার করুন

❐ নিজস্ব সংবাদদাতা


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জুলাইযোদ্ধা রাফিয়া সুলতানা মারা গেছেন।

গতকাল ৯ই এপ্রিল, বুধবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পারিবারিক সূত্র বলছে, বুধবার হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

তিনি স্বামী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন।

রাফিয়া ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি জামায়াত-শিবিরের পক্ষে বিভিন্ন আন্দোলনে-সক্রিয় ছিলেন। ২০১৯ সালে রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হন।

২০১৮ সালের কোটা আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই সংঘাতেও তিনি সক্রিয় ছিলেন। জুলাইযোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন তিনি।

তিনি জাতীয় নাগরিক পার্টির বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

এ ছাড়া তিনি গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে কেন্দ্রীয় ও জেলা নেতারা গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এনসিপি নেত্রী সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত শোকবার্তায় উল্লেখ করা হয়, বগুড়া জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাফিয়া সুলতানার মৃত্যুতে গভীর শোক ও বেদনা প্রকাশ করছে দল। সাহসী, নিবেদিতপ্রাণ ও আদর্শনিষ্ঠ সহযোদ্ধাকে হারানো অপূরণীয় ক্ষতি বলে দাবি করা হয় বিবৃতিতে।

আজ বিকেলে বগুড়ার গাবতলী উপজেলার আটবাড়িয়া পীরগাছায় তার বাবার বাড়িতে জানাজা হবে। এছাড়া বগুড়া জেলা এনসিপির কার্যালয়ে দোয়ার আয়োজন করা হয়েছে।

Visited 23 times, 1 visit(s) today