❐ বিডি ডাইজেস্ট ডেস্ক
আন্তর্জাতিক অস্থিরতা, জ্বালানি আমদানিতে চাপ ও জাহাজ ভাড়া বৃদ্ধির অভিঘাতে দেশের বিদ্যুৎ খাত নতুন করে চাপে পড়েছে। গ্রীষ্ম ও সেচ মৌসুম শুরু হওয়ায় চাহিদা বাড়লেও উৎপাদন সক্ষমতা কাজে লাগানো যাচ্ছে না পুরোপুরি। বরং তুলনামূলক কম ব্যয়ের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো আংশিক বা পুরোপুরি বন্ধ রেখে ব্যয়বহুল জ্বালানিনির্ভর উৎপাদনের ওপর নির্ভরতা বাড়ানোয় সংকট আরও ঘনীভূত হয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্রে জানা গেছে, বর্তমানে বেসরকারি খাতের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোয় গড় উৎপাদন ব্যয় প্রতি ইউনিট ৫ টাকারও কম। অথচ এই খাতের মোট সক্ষমতার ৪১ শতাংশ অব্যবহৃত থাকছে। এর বিপরীতে আমদানিকৃত এলএনজি থেকে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে ইউনিটপ্রতি ব্যয় ৩০ টাকার বেশি এবং ফার্নেস অয়েলচালিত কেন্দ্রে ২৭-২৮ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। ব্যয়ের এই বৈষম্য সত্ত্বেও উৎপাদন কাঠামোয় সস্তা উৎসের ব্যবহার সীমিত থাকায় আর্থিক চাপ বাড়ছে।
গত ৬ই এপ্রিলের তথ্য বিশ্লেষণে দেখা যায়, কয়লাভিত্তিক ৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে মাত্র তিনটি পূর্ণ সক্ষমতায় চালু রয়েছে। এগুলো হলো রামপাল, এসএস পাওয়ার ও বরিশাল কেন্দ্র। বাকি কেন্দ্রগুলো বিভিন্ন কারণে আংশিক উৎপাদনে বা পুরোপুরি বন্ধ রয়েছে। রক্ষণাবেক্ষণের জন্য পায়রা কেন্দ্রের একটি অংশ বন্ধ থাকায় এর উৎপাদন কমে গেছে। একইভাবে আদানি গ্রুপের কেন্দ্রের একটি ইউনিট বন্ধ থাকায় সেখান থেকেও পূর্ণ সক্ষমতা পাওয়া যাচ্ছে না।
রাষ্ট্রায়ত্ত বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটই রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ রয়েছে, ফলে ৪৪৪ মেগাওয়াট সক্ষমতার এই কেন্দ্রটি থেকে কোনো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। অন্যদিকে বেসরকারি খাতের বড় কেন্দ্রগুলোর মধ্যেও জ্বালানি সংকট স্পষ্ট। মাতারবাড়ী কেন্দ্রটির সক্ষমতার বড় অংশ অব্যবহৃত রয়েছে; ১ হাজার ১৫০ মেগাওয়াট সক্ষমতার বিপরীতে উৎপাদন হয়েছে মাত্র ৩১৫ মেগাওয়াট।
কয়লা সরবরাহ সংকটের কারণে পটুয়াখালীর ১ হাজার ২৪৪ মেগাওয়াট ক্ষমতার নতুন কেন্দ্রটিও চালু করা যাচ্ছে না। যৌথ বিনিয়োগে নির্মিত এই কেন্দ্রটি দীর্ঘদিন ধরেই নিষ্ক্রিয় পড়ে আছে, যা সামগ্রিক উৎপাদন সক্ষমতার বড় একটি অংশকে অকার্যকর করে রেখেছে।
সব মিলিয়ে দেশে কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর মোট সক্ষমতা ৮ হাজার ২৮৩ মেগাওয়াট হলেও ৬ই এপ্রিল উৎপাদন হয়েছে ৪ হাজার ৮৯০ মেগাওয়াট। অর্থাৎ প্রায় অর্ধেক সক্ষমতা অব্যবহৃত থাকছে। এর মধ্যেই উৎপাদন পর্যায়ে ১ হাজার ৮৩ মেগাওয়াট লোডশেডিং দিতে হয়েছে, যা গ্রাহক পর্যায়ে আরও বেড়ে দেড় হাজার মেগাওয়াট ছাড়িয়েছে বলে সংশ্লিষ্টদের ধারণা।
সংকট মোকাবিলায় সরকার স্পট মার্কেট থেকে প্রায় দ্বিগুণ দামে এলএনজি আমদানি করছে। তবে একই সময়ে কয়লা ও ফার্নেস অয়েলচালিত কেন্দ্রগুলোর বকেয়া বিল পরিশোধ না হওয়ায় উৎপাদনে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। বেসরকারি খাতের কেন্দ্রগুলো নিয়মিত অর্থ না পাওয়ায় পূর্ণ সক্ষমতায় উৎপাদনে আগ্রহ হারাচ্ছে—যার সরাসরি প্রভাব পড়ছে বিদ্যুৎ সরবরাহে।
বিপিডিবির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, গ্রীষ্মকালীন চাহিদা বৃদ্ধির এই সময়ে উৎপাদন বাড়ানোর মতো পর্যাপ্ত প্রস্তুতি নেই। তাপমাত্রা আরও বাড়লে এপ্রিলের শেষ দিকে লোডশেডিং পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। তাদের ভাষ্য অনুযায়ী, বিদ্যুৎ খাতে পর্যাপ্ত ভর্তুকি না থাকায় উৎপাদন ব্যয় সামাল দেওয়া যাচ্ছে না, ফলে বেসরকারি খাতের কেন্দ্রগুলোর পাওনা পরিশোধেও জট তৈরি হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, একদিকে সস্তা কয়লাভিত্তিক কেন্দ্রগুলো বসিয়ে রেখে অন্যদিকে ব্যয়বহুল জ্বালানির ওপর নির্ভরতা বাড়ানো বিদ্যুৎ খাতের পরিকল্পনা ও ব্যবস্থাপনায় বড় ধরনের অসামঞ্জস্যের ইঙ্গিত দেয়। জ্বালানি সরবরাহ, অর্থায়ন ও উৎপাদন ব্যবস্থাপনায় সমন্বয়ের অভাব দূর না হলে আসন্ন গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
