❐ নিজস্ব প্রতিবেদক
দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রবাহে আবারও নিম্নগতি দেখা দিয়েছে। ২০২৫ সালের শেষ প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর) জুড়ে রাজনৈতিক অনিশ্চয়তা ও বিনিয়োগ পরিবেশের দুর্বলতার প্রভাবে নিট এফডিআই কমেছে ১৮ দশমিক ৪২ শতাংশ। এতে দেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বাংলাদেশ ব্যাংক-এর হালনাগাদ তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে দেশে নিট এফডিআই এসেছে ১০ কোটি ৮০ লাখ ডলার। যেখানে ২০২৪ সালের একই সময়ে এর পরিমাণ ছিল ১৩ কোটি ২৮ লাখ ১০ হাজার ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বিনিয়োগ প্রবাহে দৃশ্যমান সংকোচন ঘটেছে।
বিদেশি বিনিয়োগ কমার পেছনে তাৎক্ষণিক কারণ হিসেবে রাজনৈতিক পরিস্থিতিকেই দায়ী করছেন অর্থনীতিবিদরা। জাহিদ হোসেন বলেন, “বিনিয়োগ করার মতো কোনো পরিবেশ তৈরি ছিল না। কারণ সে সময় রাজনৈতিক সমঝোতা কোন দিকে যাবে, সেটারও নিশ্চয়তা ছিল না। তাই সে সময়ে বিদেশি ঋণ দেশে আসবে—এমনটা ভাবাই অবাস্তব।”
তিনি আরও বলেন, “বিদেশি বিনিয়োগ আনতে অন্তর্বর্তী সরকার কিছু উদ্যোগ নিয়েছিল। তবে এসব উদ্যোগ বাধার মুখে পড়ে। সে সময় দেশের পরিস্থিতি দেখে বাইরের কোনো বিনিয়োগকারী এখানে বিনিয়োগ করবে—এটা স্বাভাবিক নয়। কারণ তারা জানত অন্তর্বর্তী সরকার স্থায়ী হবে না।”
একই সময়ে পুনঃবিনিয়োগকৃত মুনাফাতেও বড় ধরনের পতন দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে রিইনভেস্টেড আর্নিংস কমেছে ৩৫ দশমিক ৩১ শতাংশ। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে এ খাতে এসেছে ২১ কোটি ৭৪ লাখ ডলার, যেখানে আগের বছর একই সময়ে ছিল ৩২ কোটি ৫৭ লাখ ৫০ হাজার ডলার। এটি ইঙ্গিত করে, দেশে বিদ্যমান বিদেশি কোম্পানিগুলোও মুনাফা পুনরায় বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে।
সেন্টার ফর পলিসি ডায়ালগ-এর বিশিষ্ট ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, “দেশের সামগ্রিক অর্থনীতি ও রাজনৈতিক পরিবেশ বিবেচনায় বিদেশি প্রতিষ্ঠানগুলো রিইনভেস্টেড আর্নিংস কমিয়েছে। কারণ সে সময় নির্বাচন হবে কি না—এ নিয়েও অনিশ্চয়তা ছিল। যদিও ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েছে, তবে ওই প্রান্তিকে এ নিয়ে শঙ্কা ছিল।”
তবে অর্থনীতিবিদদের মতে, সমস্যাটি কেবল রাজনৈতিক অনিশ্চয়তায় সীমাবদ্ধ নয়; বরং দীর্ঘদিনের কাঠামোগত সীমাবদ্ধতাও সমানভাবে দায়ী। নীতিগত জটিলতা, উচ্চ ব্যবসায়িক ব্যয় এবং অবকাঠামোগত ঘাটতি বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত করছে। বন্দর ব্যবস্থাপনায় সীমাবদ্ধতা, পরিবহন ও লজিস্টিক খরচ, এবং কার্গো হ্যান্ডলিং সক্ষমতার ঘাটতি দক্ষিণ এশিয়ার প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশকে পিছিয়ে দিচ্ছে।
মোস্তাফিজুর রহমান বলেন, “সিঙ্গেল উইন্ডো ব্যবস্থা, ব্যবসা পরিচালনার খরচ—এসব কারণে দেশে বিদেশি বিনিয়োগ আসছে না। এসব সমস্যার সমাধান না হলে রাজনৈতিক পরিবেশ উন্নত হলেও বিনিয়োগ আনা কঠিন হবে। শুধু নির্বাচিত সরকার এলেই বিদেশি বিনিয়োগ বাড়বে—এটা মনে করি না। বিনিয়োগকারীরা আগে সুযোগ-সুবিধা মূল্যায়ন করেন।”
কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দেশের বেসরকারি খাতেও বিনিয়োগ কমেছে, যা সামগ্রিক আস্থাহীনতারই প্রতিফলন। দেশীয় উদ্যোক্তারা যখন নতুন বিনিয়োগে সতর্ক অবস্থানে, তখন বিদেশি বিনিয়োগ প্রবাহ বাড়ার সম্ভাবনাও সীমিত হয়ে পড়ে। নীতিগত সমস্যাগুলোর সমাধান ছাড়া এ প্রবণতা বদলানো কঠিন হবে বলেও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ইক্যুইটি বিনিয়োগ, পুনঃবিনিয়োগকৃত মুনাফা ও আন্তঃপ্রতিষ্ঠান ঋণ মিলিয়ে মোট এফডিআই প্রবাহ দাঁড়িয়েছে ৩৬ কোটি ৩৮ লাখ ২০ হাজার ডলার, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ৪৯ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ বিনিয়োগের তিনটি প্রধান উৎসেই সংকোচন দেখা যাচ্ছে।
সামগ্রিকভাবে চিত্রটি স্পষ্ট—এফডিআই প্রবাহের এই নিম্নগতি কোনো সাময়িক বিচ্যুতি নয়; বরং অর্থনীতির ভেতরে জমে থাকা আস্থাহীনতা, নীতিগত দুর্বলতা ও বাস্তবায়ন ঘাটতির বহিঃপ্রকাশ। রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি কাঠামোগত সংস্কার ও কার্যকর নীতি প্রয়োগ ছাড়া বিদেশি বিনিয়োগে গতি ফেরানো কঠিন হয়ে পড়বে।
