❐ স্থানীয় সংবাদদাতা
বাগেরহাটের মোল্লাহাটে মাছ চুরির অভিযোগে শুকুর আলী মৃধা (৪৫) নামের এক যুবকের দুই চোখ উপড়ে ফেলেছে স্থানীয় লোকজন।
আজ ৬ ইএপ্রিল, সোমবার সকালে উপজেলার চুনখোলার সাহিদের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শুকুর আলী মৃধা মোল্লাহাট উপজেলার কাঁচনা গ্রামের মোসলেম আলী মৃধার ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার রাতে চুনখোলার সাহিদের মোড় এলাকায় একটি মাছের ঘের থেকে মাছ চুরির সময় হাতেনাতে শুকুর আলী ধরা পড়লে উত্তেজিত জনতা তাকে বেদম মারধর করে। রাতভর বেঁধে রাখার পর আজ সকালে ভয়াবহ নির্যাতন চালিয়ে তার দুই চোখ উপড়ে ফেলা হয়।
চক্ষু উৎপাটনের পর গুরুতর আহত অবস্থায় তাকে তার স্ত্রীর কাছে তুলে দেওয়া হয়।
শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রমজানুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
