❐ জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জে ঈদুল ফিতরের নামাজের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে চাঁদা তোলায় যুবদল নেতাকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী।
উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
ভিডিওতে দেখা যায়- টেপ্রীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিটুলকে ধাওয়া দিয়ে মারধর করছে লোকজন।
স্থানীয়রা জানান, প্রতি বছর ঈদ উপলক্ষে রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয় মাঠে একদিনের মেলা বসে। সেখানে আগত ব্যবসায়ীদের কাছ থেকে মাঠ পরিষ্কারের জন্য ২০ থেকে ৫০ টাকা করে নেওয়া হতো। তবে এবার সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের নাম করে বিটুলের নেতৃত্বে আশরাফুল, সহিদুলসহ বিএনপির কয়েকজন নেতাকর্মী ব্যবসায়ীদের কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করেন।
এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে লোকজন বিটুলকে ধাওয়া করে গণপিটুনি দেয়।
পরে তিনি পালিয়ে বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আযম জানান, বিদ্যালয় মাঠে কনসার্ট আয়োজনের জন্য চাঁদা তোলার বিষয়ে তাকে জানানো হলে তিনি নিষেধ করেছিলেন। কিন্তু তা উপেক্ষা করে চাঁদা তুলতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং একজনকে গণপিটুনি দেওয়া হয়।
টেপ্রীগঞ্জ ইউনিয়ঢন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য বাবুল হোসেন জানান, ঈদগাহ মাঠে কিছু দোকান বসেছিল। সেখানে বিটুলসহ কয়েকজন অনুষ্ঠানের জন্য চাঁদা তুলছিলেন। বিষয়টি মুসল্লি ও ব্যবসায়ীরা মেনে না নেওয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
দেবীগঞ্জ থানার পরিদর্শক প্রবীর কুমার সরকার বলেন, চাঁদা আদায়কে কেন্দ্র করেই ঘটনাটি ঘটেছে। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে পুলিশ পৌঁছানোর আগেই পরিস্থিতি শান্ত হয়ে যায়।
