নতুন মামলা দেয়ায় আটকে গেল সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের কারামুক্তি

নতুন মামলা দেয়ায় আটকে গেল সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের কারামুক্তি
শেয়ার করুন

বিডি ডাইজেস্ট প্রতিবেদন

নতুন এক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক–এর কারামুক্তির প্রক্রিয়া আপাতত স্থগিত হয়ে গেছে।

জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে মাদ্রাসাছাত্র মো. আরিফ নিহত হওয়ার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান।

শনিবার (১৪ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক আসামির উপস্থিতিতে শুনানির জন্য আগামী ৩০ মার্চ দিন ধার্য করেছেন।

আদালত সূত্র জানায়, নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন গ্রহণ করায় আপাতত তার মুক্তির প্রক্রিয়া স্থগিত হয়ে গেছে।

সিএমএম আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মহিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে করা পাঁচ মামলায় জামিন পান খায়রুল হক। এর মধ্যে ৮ মার্চ চারটি এবং ১১ মার্চ একটি মামলায় বাংলাদেশ হাইকোর্ট থেকে জামিন দেওয়া হয়।

এসব মামলার একটি ছিল জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে যুবদলকর্মী হত্যার অভিযোগে করা মামলা। বাকি মামলাগুলো করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসংক্রান্ত রায়ে জালিয়াতির অভিযোগে।

মামলার অভিযোগে বলা হয়, ১৯ জুলাই সকাল ৯টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজার সড়কে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে আরিফ নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট নিহতের বাবা মো. ইউসুফ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪৩ জনকে আসামি করে মামলা করেন।

এর আগে গত বছরের ২৪ জুলাই সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

ওইদিন রাতে জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। পরে একই বছরের ২৯ জুলাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় দেওয়া ও জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় করা মামলায় তাকে ভার্চ্যুয়ালি গ্রেপ্তার দেখানো হয়।

Visited 24 times, 1 visit(s) today