লঞ্চে ভিকারুননিসা ছাত্রীকে ধর্ষণ: গ্রেপ্তার দুই ধর্ষককে হান্নান মাসউদের বাঁচানোর চেষ্টার অভিযোগ

লঞ্চে ভিকারুননিসা ছাত্রীকে ধর্ষণ: গ্রেপ্তার দুই ধর্ষককে হান্নান মাসউদের বাঁচানোর চেষ্টার অভিযোগ
শেয়ার করুন

বিডি ডাইজেস্ট প্রতিবেদন

নোয়াখালীর হাতিয়া থেকে ঢাকাগামী একটি লঞ্চে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনকে স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্ঠজন বলে দাবি করেছে ছাত্র সংগঠনগুলো।

ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন–এর একটি অংশ।

বুধবার রাতে রাজু ভাস্কর্য প্রাঙ্গণে আয়োজিত ওই বিক্ষোভ সমাবেশে সংগঠনটির নেতারা দাবি করেন, গ্রেপ্তার দুজনই হাতিয়া এলাকার সংসদ সদস্য হান্নান মাসউদের ঘনিষ্ঠ অনুসারী এবং নির্বাচনের সময় তার পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছেন।

তাদের দাবি,  হান্নান মাসউদ ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মো. সাকিব উদ্দিন ও মো. নুরুজ্জামান মিঠু। তবে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা বাহিনী।

‘এমপি হান্নান মাসউদের ঘনিষ্ঠ’ দুই ধর্ষক দাবি ছাত্র ইউনিয়নের

ছাত্র ইউনিয়নের (একাংশ) কেন্দ্রীয় কমিটির সভাপতি তামজিদ হায়দার চঞ্চল সমাবেশে বলেন, বিভিন্ন সূত্র থেকে তারা জানতে পেরেছেন গ্রেপ্তার দুজনই হাতিয়ার সংসদ সদস্য হান্নান মাসউদের ঘনিষ্ঠজন।

তার ভাষ্য অনুযায়ী, তারা সরাসরি কোনো রাজনৈতিক পদে না থাকলেও নির্বাচনের সময় এমপি হান্নান মাসউদের হয়ে প্রচারণা চালিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের স্থানীয় রাজনৈতিক কর্মী হিসেবে দেখা গেছে বলে দাবি করেন তিনি।

তামজিদ হায়দার বলেন, “আমরা বিভিন্ন জায়গা থেকে জেনেছি তারা এমপি হান্নান মাসউদের ঘনিষ্ঠ। নির্বাচনের সময় তারা তার পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছেন। এমন ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

সমাবেশ থেকে ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, শুধু এই ঘটনার বিচার নয়, সামগ্রিকভাবে ধর্ষণবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করতে হবে।

তামজিদ হায়দার চঞ্চল বলেন, “আমাদের আন্দোলন চলবে। ঈদের আগেই দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্ষণবিরোধী কর্মসূচি সংগঠিত করা হবে।”

সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয়, মহানগর ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

লঞ্চের কেবিনে ধর্ষণ চাপা রাজনৈতিক প্রভাবের অভিযোগ

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত রোববার নোয়াখালীর হাতিয়া থেকে ঢাকাগামী একটি লঞ্চে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ওই শিক্ষার্থীর বাবা হাতিয়া থেকে মেয়েকে লঞ্চে তুলে দেন। পরে লঞ্চের একটি কেবিনে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে।

ছাত্র সংগঠনগুলোর অভিযোগ, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ঘনিষ্ঠতা থাকায় অনেক সময় এমন অপরাধের বিচার প্রক্রিয়া বিলম্বিত হয় বা চাপের মুখে পড়ে। তাই এই মামলায় নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

তাদের মতে, ঘটনার সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় বা প্রভাব থাকলেও তা যেন বিচারের পথে কোনো বাধা হয়ে না দাঁড়ায়।

Visited 35 times, 1 visit(s) today