এশিয়ান কাপ থেকে বিদায় নেওয়ার আগে ইরানের ফুটবলারদের সমস্বরে জাতীয় সংগীত

এশিয়ান কাপ থেকে বিদায় নেওয়ার আগে ইরানের ফুটবলারদের সমস্বরে জাতীয় সংগীত
শেয়ার করুন

অস্ট্রেলিয়ায় চলমান নারী এশিয়ান কাপ থেকে বিদায় নেওয়ার আগে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি করলেন ইরানের ফুটবলাররা। গত রবিবার নিজেদের শেষ গ্রুপ ম্যাচে ফিলিপাইনের বিপক্ষে মাঠে নামার আগে তারা সমস্বরে জাতীয় সংগীত গেয়েছেন এবং অভিবাদন জানিয়েছেন।

টুর্নামেন্টের শুরুতে অবশ্য চিত্রটি ভিন্ন ছিল। গত সোমবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে জাতীয় সংগীত বাজার সময় ইরানের খেলোয়াড়রা নিশ্চল ও নীরব দাঁড়িয়ে ছিলেন। এর ঠিক দুই দিন আগে দেশটিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং গত রবিবার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে বৃষ্টির মধ্যে ফিলিপাইনের বিপক্ষে আবারও তাদের জাতীয় সংগীত গাইতে ও অভিবাদন জানাতে দেখা যায়।

মাঠের লড়াইয়ে অবশ্য দিনটি ইরানের ছিল না। ফিলিপাইনের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে যায় তাদের। শুরুতে জাতীয় সংগীত না গাওয়ার বিষয়ে ফুটবলাররা প্রকাশ্যে কোনো কারণ জানাননি। তবে দলের কোচ মারজিয়া জাফারি জানিয়েছেন, দেশে সংঘাত চলায় ফুটবলাররা তাদের পরিবার নিয়ে ‘চরম উদ্বেগের’ মধ্যে রয়েছেন এবং প্রিয়জনদের থেকে তারা এক প্রকার ‘বিচ্ছিন্ন’ হয়ে পড়েছেন।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ইরানের এই দলটির প্রশংসা করে বলেন, ‘ইরানের নারী ফুটবলারদের এখানে খেলতে দেখা অস্ট্রেলীয়দের জন্য সত্যিই আবেগঘন ছিল।’ তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের সঙ্গে তাদের জার্সি বদলানোর দৃশ্যটি ছিল সংহতির এক অনন্য উদাহরণ। এটি প্রমাণ করে যে, খেলাধুলা মানুষকে এক করতে পারে।’

গ্রুপ ‘এ’-তে থাকা ইরান তাদের তিনটি ম্যাচেই পরাজিত হয়েছে। দক্ষিণ কোরিয়ার কাছে ৩-০ এবং অস্ট্রেলিয়ার কাছে ৪-০ গোলে হারার পর শেষ ম্যাচেও জয় পায়নি তারা। পুরো টুর্নামেন্টে তারা কোনো গোল করতে না পারলেও ৯টি গোল হজম করেছে।

Visited 16 times, 1 visit(s) today