সঞ্জু স্যামসনের বিস্ফোরক ইনিংসে ভারত করল ২৫৩ রান, বিশাল ওই পুঁজির পেছনে ছুটে জ্যাকব বেথেলের সেঞ্চুরিতে লড়াই জমালো ইংল্যান্ড। তবু শেষ দিকের রোমাঞ্চে জয় নিশ্চিত করল ভারত।
বৃহস্পতিবার মুম্বাইয়ে একটি রোমাঞ্চকর টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়েছে ভারত।
সঞ্জু স্যামসনের ঝোড়ো ৮৯ রানের ওপর ভর করে ভারত ২৫৩-৭ রানের বিশাল পাহাড় গড়েছিল। জবাবে ইংল্যান্ড ২৪৬-৭ রানে থামে, যা রেকর্ড তাড়া করে জয়ের খুব কাছাকাছি গিয়েও যথেষ্ঠ ছিল না।
ভারত ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।
ফিল সল্ট (৫), হ্যারি ব্রুক (৭) ও জস বাটলার (২৫) দ্রুত আউট হয়ে গেলেও বেথেল এবং উইল জ্যাকস (৩৫) ইংল্যান্ডের জয়ের আশা টিকিয়ে রেখেছিলেন।
বাঁহাতি বেথেল ৪৮ বলে আটটি চার ও সাতটি ছক্কা মেরে এক ঝড়ো ইনিংস খেলেন। শেষ ওভারে তিনি রান আউট হওয়ার পর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত ৩৫,০০০ দর্শকের সামনে ভারত জয়ের উৎসবে মেতে ওঠে।
আগামী রবিবার আহমেদাবাদের ফাইনালে ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। প্রথম দল হিসেবে ট্রফি ধরে রাখা এবং নিজেদের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে তারা মাঠে নামবে।
আগে ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটসম্যানরা ইংল্যান্ডের বোলারদের ওপর চড়াও হয়ে মাঠের চারদিকে ১৯টি ছক্কা ও ১৮টি চার মারেন।
স্যামসন ইনিংসের শুরুতেই জোফ্রা আর্চারের ওভারে চার ও ছক্কা মেরে নিজের আগ্রাসী মনোভাব বুঝিয়ে দেন। তবে ব্যক্তিগত ১৫ রানে তিনি একবার আউট হওয়া থেকে বেঁচে যান, যখন ব্রুক মিড-অফে তাঁর একটি সহজ ক্যাচ মিস করেন।
এই ভুলটি ইংল্যান্ডের জন্য বেশ দামি হয়ে দাঁড়ায়। স্যামসন মাত্র ২৬ বলে নিজের হাফ-সেঞ্চুরি পূরণ করেন এবং লিয়াম ডসনের এক ওভারেই ১৯ রান তুলে নেন।
ইশান কিষাণ ও স্যামসন দ্বিতীয় উইকেটে ৪৮ বলে ৯৭ রান যোগ করেন। এরপর ইশান কিষাণ আদিল রশিদের বলে আউট হয়ে ফিরলে ভারতের স্কোর দাঁড়ায় ১১৭-২।
স্যামসন আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান, তবে ১৪তম ওভারে উইল জ্যাকসের বলে ক্যাচ দিয়ে তিনি আউট হন। তখন ভারতের রান ছিল ১৬০-৩।
এরপর দুবে মাত্র ২৫ বলে ৪৩ রানের একটি দারুণ ইনিংস খেলেন, যার মধ্যে ছিল চারটি ছক্কা। পরে ব্রুকের সরাসরি থ্রোতে তিনি রান আউট হন।
শেষের দিকে হার্দিক পান্ডিয়া ১২ বলে ২৭ এবং তিলক ভার্মা ৭ বলে ২১ রান করলে ভারতের স্কোর ২৫০ পার হয়ে যায়।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে জ্যাকস ৪০ রানে ২ উইকেট নিয়ে সফল হলেও আর্চার ছিলেন বেশ খরুচে। তিনি ৪ ওভারে ৬১ রান দিয়ে মাত্র ১টি উইকেট পান।
