বিডি ডাইজেস্ট প্রতিবেদন
একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীর-এর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৫ মার্চ) কে এম জাহিদ সারওয়ার ও শেখ আবু তাহের-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আজ জামিন আবেদনের ওপর শুনানি করেন আইনজীবী আসলাম মিয়া। পরে তিনি আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এর আগে গত ২২ জানুয়ারি সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গত বছরের ডিসেম্বর থেকে তিনি কারাগারে ছিলেন।
ঘটনার সূত্রপাত গত বছরের ১৪ ডিসেম্বর। ওইদিন রাজধানীর ধানমন্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়।
পরদিন ১৫ ডিসেম্বর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত-এ হাজির করা হয়। ওইদিনই তার পক্ষে জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শেষে গত ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন।
দীর্ঘদিন কারাবন্দি থাকার পর অবশেষে হাইকোর্টে জামিন পেলেন এই সাংবাদিক।
