❐ নিজস্ব প্রতিবেদক
ইরানে হামলা বন্ধ না হলে ইসরায়েলের বিরুদ্ধে বৃহত্তর কর্মসূচি দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুদ্ধাপরাধী দল জামায়াতে ইসলামী।
দলটির পক্ষে নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এই হুঁশিয়ারি দেন। এসময় ইরানে হামলার প্রতিবাদে ইসরায়েলি পণ্য বয়কটেরও হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা।
আজ ১লা মার্চ, রোববার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী।
ইরানের জনগণের বিপক্ষে গিয়ে এই হামলাকে গণতন্ত্রের পরিপন্থী বলে মন্তব্য করেন যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম।
তিনি বলেন, ‘জাতিসংঘ এবং ওআইসি নিজেদের মোড়ল ভাবলেও ইতিবাচক ভূমিকা নিতে না পারার কারণে মানুষ তাদের প্রত্যাখ্যান করবে।’
এ সময় দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘জাতিসংঘকে কার্যকর ভূমিকা নিতে হবে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।’
আগামী ১২ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে খামেনি হত্যার ঘটনায় নিন্দা প্রস্তাব জানানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
