চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে আবারও দেখা হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের। ২০১৯-২০ মৌসুমের পর এ নিয়ে ষষ্ঠবারের মতো টুর্নামেন্টের এই পর্যায়ে মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি।
শুক্রবার শেষ ১৬, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। সেখানেই নির্ধারিত হয় চেনা এই দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই।
চলতি মৌসুমেই একবার মুখোমুখি হয়েছে এই দুই হেভিওয়েট। ডিসেম্বরে গ্রুপ পর্বের ম্যাচে রিয়াল মাদ্রিদকে ২-১ ব্যবধানে হারিয়েছিল সিটি। ইউরোপের সফলতম দলটির বিপক্ষে সেই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছিল পেপ গার্দিওলার শিষ্যরা।
পুরানো প্রতিপক্ষকে আবার পাওয়া নিয়ে উয়েফাকে সিটির ফুটবল ডিরেক্টর হুগো ভিয়ানা বলেন, ‘আমরা গ্রুপ পর্বেও একে অপরের বিপক্ষে খেলেছি। এটি দেখার মতো একটি দারুণ ম্যাচ হবে। ম্যাচটি অনেকটা ফাইনালের মতো, আমরা আবারও সেখানে যেতে পেরে খুশি।’
এদিকে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) মুখোমুখি হবে চেলসির। গত বছরের ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে এই চেলসির কাছেই হেরেছিল ফরাসি ক্লাবটি। সেই উত্তপ্ত ফাইনালেরই এক পুনরাবৃত্তি দেখা যাবে এবার।
চেলসির ফুটবল ডিরেক্টর ডেভিড বার্নার্ড বলেন, ‘আমরা তাদের সঙ্গে বেশ কয়েকবার খেলেছি। তারা বর্তমান চ্যাম্পিয়ন হলেও মানুষ সম্ভবত ক্লাব ওয়ার্ল্ড কাপের সেই লড়াইয়ের কথাই বলবে। ম্যাচটি কঠিন হবে, তবে আমরা কাউকে ভয় পাচ্ছি না।’
টানা আট জয়ে লিগ পর্বের শীর্ষে থাকা আর্সেনাল খেলবে বায়ার লেভারকুসেনের বিপক্ষে। কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে গানারদের প্রতিপক্ষ হবে স্পোর্টিং অথবা বোডো/গ্লিমট। ড্র-এর অন্য অংশে থাকায় সেমিফাইনালের আগে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, পিএসজি বা বায়ার্ন মিউনিখের মতো বড় দলগুলোর মুখোমুখি হতে হচ্ছে না তাদের।
অন্যান্য ম্যাচের মধ্যে বায়ার্ন মিউনিখ খেলবে আতালান্তার বিপক্ষে। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার মুখোমুখি হচ্ছে নিউক্যাসেল ইউনাইটেড। লিভারপুলের প্রতিপক্ষ তুরস্কের গালাতাসারে।
প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা টটেনহ্যাম হটস্পারকে লড়তে হবে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। অন্যদিকে চলতি মৌসুমে সিটি ও ইন্টার মিলানের মতো দলকে হারানো নরওয়ের বোডো/গ্লিমট খেলবে স্পোর্টিং লিসবনের বিপক্ষে।
