ফেনীতে সরকারি চালের কার্ড নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ২

ফেনীতে সরকারি চালের কার্ড নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ২
শেয়ার করুন

❐ জেলা প্রতিনিধি


ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরে সরকারি চালের কার্ডকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইউনিয়ন বিএনপি নেতা এমরান চৌধুরী ও শ্রমিক দল নেতা রাকিবের মধ্যে ভাগাভাগি নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুজন রক্তাক্ত জখম হয়েছেন।

আজ ২৩শে ফেব্রুয়ারি, সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কার্ড বিতরণ ও তালিকা সংক্রান্ত বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে উপস্থিত লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত এমরান ও রাকিবকে হাসপাতালে নিয়ে যান।

জানা গেছে, ইউনিয়ন শ্রমিক দল নেতা রাকিব সম্প্রতি ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশের চাকুরি পেয়েছেন। এ সুবাদে তিনি ইউনিয়নের ভাদাদিয়া (৭ নাম্বার) ওয়ার্ডের নিয়ন্ত্রণ নিতে চান। ইউনিয়ন বিএনপির নেতা এমরান উক্ত ওয়ার্ডের চালের কার্ডের ভাগ চাইলে তাদের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

বিএনপি নেতা এমরান বলেন, রাকিব গ্রাম পুলিশে চাকুরি করে। আবার দলীয় পরিচয় দিয়ে চালের কার্ড নিয়ে যায়। জিজ্ঞাস করায় সে তার উপর ক্ষিপ্ত হয়েছে।

সোনাগাজী থানার ওসি কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Visited 11 times, 1 visit(s) today