ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়ে নাটক করেছিল পাকিস্তান, শেষ পর্যন্ত খেলতে রাজী হয় তারা। তবে এখন মনে হচ্ছে না খেললেই বাঁচত তাদের মান। শক্তিশালী ভারতের বিপক্ষে কোন লড়াই জমাতে পারেনি সালমান আলি আঘার দল।
কলম্বোতে বিপুল হাইপ উঠা ভারত-পাকিস্তান ম্যাচ যথারীতি হয়েছে একপেশে। এবং আবারও তাতে জয়ী দলের নাম ভারত। ‘এ’ গ্রুপের ম্যাচ ভারত জিতেছে ৬১ রানে। ৪০ বলে ৭৭ রানের বিস্ফোরক ইনিংস খেলে ভারতকে মন্থর উইকেটে ১৭৫ রানের পুঁজি পাইয়ে দেন ইশান কিশান।
ওই রান তাড়ায় নেমে হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহদের তোপে শুরু থেকেই খাবি খায় পাকিস্তান। পাওয়ার প্লের ভেতরেই ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। ওই কোণঠাসা অবস্থা থেকে আর সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি।
চরম প্রতিকূল অবস্থায় ৩৪ বলে ৪৪ রান করেন উসমান খান, এতে জয়ের অবস্থা আসেনি। হারের ব্যবধান কমেছে স্রেফ। আকসার প্যাটেল তাকে ও বাবর আজমকে সরিয়ে ম্যাচ থেকে বের করে দেন পাকিস্তানকে। বরুন চক্রবর্তী, কুলদীপ যাদবরা এরপর মুড়তে থাকেন ইনিংস।
হার্দিক ৩ ওভার বল করে ১৬ রানে ২ উইকেট, বুমরাহ ২ ওভার হাত ঘুরিয়ে ১৭ রানে নেন দুই উইকেট। পাকিস্তান কোণঠাসা হয়ে পড়ায় অনিয়মিত তিলক বর্মাকে দিয়ে বল করান সূর্যকুমার। মূল বোলারদের আর আক্রমণেই আনতে হয়নি।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা ভারতের ইনিংসের শুরুতে বিপদজনক অভিষেক শর্মা বিদায় নিয়েছিলেন। কিন্তু সংকট বুঝতে দেননি ইশান কিশান। চার-ছক্কার ঝড়ে উত্তাল করে তুলেন বাঁহাতি ব্যাটার। ৪০ বলে ১০ চার ৩ ছক্কায় ৭৭ করে তার বিদায়ের পর সূর্যকুমার টানেন ইনিংস (২৯ বলে ৩২)। শেষ দিকে শিভম দুবে (১৭ বলে ২৭) ও রিঙ্কু সিং (৪ বলে ১১) করে দলকে নিয়ে যান নিরাপদ জায়গায়। যা পেরুনোর সামর্থ্য ছিলো না পাকিস্তানের।
