❐ নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক নেতা ও সুনামগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরের রুমমেট সুনামগঞ্জের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জামায়াত নেতার ভূমিকায় অবর্তীর্ণ হয়ে জামায়াত প্রার্থীকে জেতাতে মাঠে নেমেছেন বলে ইসিতে অভিযোগ করেছেন সুনামগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী।
এর ফলে দ্রুত ডিসি ও রিটার্নিং কর্মকর্তাকে অপসারণের জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর ১০ই ফেব্রুয়ারি লিখিত অভিযোগ করেছেন তিনি।
লিখিত অভিযোগে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াকে সুনামগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরের রুমমেট হিসেবে আখ্যায়িত করে নির্বাচনী মাঠে শিশির মনিরকে সহযোগিতাসহ তাকে জেতাতে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন তিনি।
দুই পৃষ্ঠার অভিযোগপত্রে নাছির উদ্দিন চৌধুরী অভিযোগ করেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াকে ইতোমধ্যে দুইবার বদলি করা হলেও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজাকার মুকিত মনিরের ছেলে অ্যাডভোকেট শিশির মনির তদবির করে বদলি ঠেকিয়েছেন। এখন তার প্রতিদান দিচ্ছেন ডিসি।
জামায়াত প্রার্থীকে নানাভাবে সহযোগিতা করছেন উল্লেখ করে তিনি বলেন, গত ডিসেম্বরে বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীকে রাখা হয়নি অনুষ্ঠানে, জেলা কাবিটা কমিটিতেও বিএনপি নেতাকর্মীদের রাখা হয়নি; কিন্তু শিশির মনিরের লোকজনকে রেখেছেন ডিসি।
পাউবোর এসব কমটিতিতে জামায়াত প্রার্থীর লোকদের রাখা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় জামায়াত প্রার্থী শিশির মনিরের ঘনিষ্ট লোককে ভাইবা কমিটিতে রাখা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগেও জামায়াত প্রার্থীকে সুযোগ দেওয়া হচ্ছে। এভাবে সরাসরি ডিসি জামায়াত নেতার মতো ভূমিকা পালন করছেন শিশির মনিরের জন্য।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি ছাড়াও জেলা রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে সুনামগঞ্জ-৩ আসনের একজন প্রার্থী পক্ষপাতমূলক আচরণের লিখিত অভিযোগ করেছিলেন। অবিলম্বে রিটার্নিং কর্মকর্তাকে অপসারণের দাবি জানিয়ে তিনি আরো উল্লেখ করেন, আগামী ১২ই ফেব্রুয়ারি এই কর্মকর্তার কারণে বিএনপি প্রার্থী হিসেবে তিনি ক্ষতিগ্রস্ত হলে এর দায় প্রধান নির্বাচন কমিশনারকে নিতে হবে।
এর আগে সিলেট বিএনপির মহাসমাবেশে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির মিডিয়াসেলের কাছে নাছির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট নূরুল ইসলামও পক্ষপাতিত্বের অভিযোগ করেছিলেন বলে লিখিত অভিযোগে জানান নাছির উদ্দিন চৌধুরী। এছাড়াও গত ৮ই ফেব্রুয়ারি প্রাক্তন বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমীও জেলা রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে জামায়াত প্রার্থীর পক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ এনে তাকে অপসারণের দাবি জানিয়ে আসছিলেন।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী বলেন, রিটার্নিং কর্মকর্তা পদে পদে আমার প্রতিপক্ষের পক্ষপাতিত্ব করছেন। তার মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এ আশঙ্কা থেকেই আমি ইসিতে লিখিত অভিযোগ দিয়েছি। তিনি এখন জামায়াত নেতার মতো আচরণ করছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। তবে তিনি সাংবাদিকদের বলেছেন শিশির মনির পাশ করবেই।

