সাবেক এমপিদের অপদার্থ আখ্যা দেওয়ায় রেজা কিবরিয়ার বিরুদ্ধে মানববন্ধন

সাবেক এমপিদের অপদার্থ আখ্যা দেওয়ায় রেজা কিবরিয়ার বিরুদ্ধে মানববন্ধন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক::

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া কর্তৃক ওই আসনের সাবেক সকল সংসদ সদস্যকে একসঙ্গে ‘অপদার্থ’ আখ্যা দেওয়ার প্রতিবাদে নবীগঞ্জে ব্যাপক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার বিরুদ্ধে মানববন্ধন করে প্রতিবাদ জানান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ নতুন বাজার মোড়ে ‘সর্বস্তরের সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও ওভারসিজ সাংবাদিক আশরাফ উদ্দিন এবং সঞ্চালনা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও সাংবাদিক মুরাদ আহমদ। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য দেন দীঘলবাক ইউনিয়নের সালিশ ব্যক্তিত্ব ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল বারিক রনি, উপজেলা গণফোরামের সভাপতি হাফেজ সাইফুর রহমান, এম এ খালেক, উপজেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা মোশাহিদ আলী এবং যুবনেতা আব্দুর রকিব।

এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মুক্তাদির চৌধুরী, উপজেলা জাতীয় স্বেচ্ছা পার্টির সভাপতি মিলাদ হোসেন সুমনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে আশরাফ উদ্দিন অভিযোগ করেন, নির্বাচনি প্রচারণায় এসে ড. রেজা কিবরিয়া নবীগঞ্জ ও বাহুবলের মানুষকে অশিক্ষিত বলে মন্তব্য করে তাদের হেয় করেছেন। পাশাপাশি তিনি এ এলাকার সাবেক বর্ষীয়ান সংসদ সদস্যসহ সকল এমপিকে ‘অপদার্থ’ বলে উল্লেখ করে দায়িত্বজ্ঞানহীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। অথচ তিনি নিজেরই নৈতিকতা নেই। তিনি বিভিন্ন দলে ডিগবাজি খেয়ে এখন বিএনপিতে আশ্রয় নিয়েছেন। সাবেক এমপি ও মন্ত্রীদের নিয়ে তার এমন বক্তব্য অনুচিত।

তিনি আরও বলেন, ড. রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি কিবরিয়া হাসপাতাল, স্কুল ও রাস্তা নির্মাণের প্রসঙ্গ টেনে নবীগঞ্জ ও বাহুবলের জনগণ তা তাদের ‘চৌদ্দ গোষ্ঠীসহ’ ভোগ করবে বলে মন্তব্য করেছেন, যা অত্যন্ত অবমাননাকর ও ঘৃণাজনক বলে তিনি দাবি করেন।

বক্তারা এসব বক্তব্যকে এলাকার মানুষের জন্য অপমানজনক উলেল্লখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে ড. রেজা কিবরিয়া ও তার সহধর্মিণীর বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান তারা।

Visited 7 times, 1 visit(s) today