নাটকের অবসান: বিসিবির অনুরোধে ভারতের সঙ্গে খেলছে পাকিস্তান!

নাটকের অবসান: বিসিবির অনুরোধে ভারতের সঙ্গে খেলছে পাকিস্তান!
শেয়ার করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ঘিরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-র দীর্ঘ নাটকের অবসান হতে চলেছে। ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত অনড় থাকতে পারল না পাকিস্তান। দেশটির গণমাধ্যম এস্পোর্টস জানিয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা।

এই খবরের কিছুক্ষণ আগেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, তিনি ব্যক্তিগতভাবে পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলার অনুরোধ জানিয়েছেন। তাঁর মতে, ক্রিকেটের বৃহত্তর স্বার্থ ও ইকোসিস্টেম বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত জরুরি। বিবৃতিতে পিসিবি, আইসিসি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিসিবি।

বুলবুল বলেন, ‘এই সময়ে বাংলাদেশকে সমর্থন করার জন্য পাকিস্তানের অভাবনীয় প্রচেষ্টায় আমরা গভীরভাবে অভিভূত। আমাদের এই ভ্রাতৃত্ব দীর্ঘজীবী হোক। গতকাল আমার সংক্ষিপ্ত পাকিস্তান সফরের পর এবং আমাদের আলোচনার সম্ভাব্য ফলাফলের প্রেক্ষিতে, আমি পুরো ক্রিকেট ইকোসিস্টেমের স্বার্থে পাকিস্তানকে ১৫ ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি খেলার জন্য অনুরোধ করছি।’

বিশ্লেষকদের মতে, পাকিস্তানের সামনে আসলে ম্যাচ খেলা ছাড়া বিকল্প কোনো পথ ছিল না। ম্যাচটি বর্জন করলে তাদের বিশাল অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ দিতে হতো, এমনকি আইসিসির নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারত দেশটির ক্রিকেট। চরম সংকটের এই আঁচ পেয়ে পিসিবি সভাপতি মহসিন নাকভি আগে থেকেই পিছু হটার পথ খুঁজছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশের সমর্থনে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের কথা মুখে বললেও আইসিসিকে দেওয়া চিঠিতে পাকিস্তান কেবল ‘অনিবার্য কারণ’ উল্লেখ করেছিল। আইসিসি বিস্তারিত জানতে চাইলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। পরবর্তীতে আইসিসি সহ-সভাপতি ইমরান খাওয়াজা পাকিস্তান সফর করে সংস্থার কঠোর অবস্থানের কথা জানিয়ে দেন। সেই সভায় যোগ দিতেই জরুরি

ভিত্তিতে লাহোরে উড়ে গিয়েছিলেন বুলবুল। সভা শেষে দেশে ফিরে সোমবার তিনি পিসিবিকে অনুরোধ করার কথা জানান। এই প্রক্রিয়ায় কোনো শর্তের উল্লেখ করা হয়নি, অর্থাৎ আইসিসির অনড় অবস্থানের কাছে কার্যত নতি স্বীকার করল পাকিস্তান। তবে পিসিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসা বাকি।

Visited 9 times, 1 visit(s) today