পেসার রোমারিও শেফার্ডের তোপে লণ্ডভণ্ড হয়ে গেল স্কটল্যান্ডের টেল-এন্ডাররা। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে এনে দিলেন ৩৫ রানের রোমাঞ্চকর জয়। কলকাতার ইডেন গার্ডেন্সে গ্রুপ ‘সি’-র উদ্বোধনী ম্যাচে ১৮৩ রানের লক্ষ্য তাড়ায় ১৪৭ রানেই থেমেছে স্কটিশদের ইনিংস।
শনিবার ১৭তম ওভারে শেফার্ড যখন বল হাতে নেন, ম্যাচ তখনো দুলছিল। কিন্তু পাঁচ বলের মধ্যে চার উইকেট তুলে নিয়ে স্কটল্যান্ডের জয়ের সব আশা শেষ করে দেন তিনি। ৩ ওভারে মাত্র ২০ রান খরচায় তার শিকার ৫ উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা ক্যারিবীয়দের বড় সংগ্রহ এনে দেন শিমরন হেটমায়ার। ৩৬ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংসে তিনি হাঁকান ৬টি ছক্কা। নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ১৮২/৫। তাকে যোগ্য সংগত দেন রভম্যান পাওয়েল (২৪) ও শেষ দিকে ১৩ বলে ২৬ রান করা শেরফেন রাদারফোর্ড।
বাংলাদেশের পরিবর্তে শেষ মুহূর্তে বিশ্বকাপে সুযোগ পাওয়া স্কটল্যান্ড এক সময় অঘটনের ইঙ্গিত দিচ্ছিল। ১৩ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ১১৪/৩। চতুর্থ উইকেটে অধিনায়ক রিচি বেরিংটন (৪২) ও টম ব্রুস (৩৫) গড়েন ৭৮ রানের লড়াকু জুটি। কিন্তু জেসন হোল্ডারের ব্রেকথ্রুর পর শুরু হয় শেফার্ড-শো।
শেফার্ড একে একে ফিরিয়ে দেন ম্যাথিউ ক্রস (১১), মাইকেল লিস্ক ও অলিভার ডেভিডসনকে। হ্যাটট্রিক পূর্ণ হতেই মেতে ওঠেন বুনো উল্লাসে। হোল্ডার ৩.৫ ওভারে ৩০ রান দিয়ে নেন ৩টি উইকেট।
স্কটল্যান্ডের হয়ে অভিষিক্ত বাঁহাতি স্পিনার ডেভিডসন নিজের প্রথম উইকেট হিসেবে শিকার করেন ব্র্যান্ডন কিংকে (৩৫)। এছাড়া লিস্ক ফেরান ক্যারিবীয় অধিনায়ক শাই হোপকে। তবে মিডল অর্ডারে হেটমায়ারের ঝড়ো ব্যাটিং আর শেফার্ডের অবিশ্বাস্য স্পেল শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়।
