সীতাকুণ্ডে জমি দখল, তণ্ডব ও স্থাপনা ভাঙচুর ছাত্রদল সভাপতি জোবায়েরের নেতৃত্বে

সীতাকুণ্ডে জমি দখল, তণ্ডব ও স্থাপনা ভাঙচুর ছাত্রদল সভাপতি জোবায়েরের নেতৃত্বে
শেয়ার করুন

স্থানীয় সংবাদদাতা

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাটিয়ারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে তাণ্ডব ও স্থাপনা ভাঙচুরের অভিযোগ উঠেছে ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি জোবায়ের হোসেন মহিনের বিরুদ্ধে।

অভিযোগে বলা হয়েছে, তার নেতৃত্বে গ্যাস কাটার ব্যবহার করে বসতবাড়ির স্থাপনা ভাঙচুর করা হয়।

এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তোভোগী সাহিন আক্তার (৪৫)। তিনি ভাটিয়ারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা।

সাহিন আক্তার জানান, ঘটনার সময় সরাসরি হামলার নেতৃত্ব দেন ছাত্রদল নেতা জোবায়ের হোসেন মহিন।

থানায় দেওয়া অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ঘটে গত ২৬শে জানুয়ারি দুপুর আনুমানিক সাড়ে ১১টার দিকে। সীতাকুণ্ড মডেল থানাধীন ভাটিয়ারী ইউনিয়নের নিজ বসতবাড়িতে এ হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত হিসেবে সাহিন আক্তার তার দেবর ইউসুফ আলী রকেটের নামও উল্লেখ করেছেন।

অভিযোগে সাহিন আক্তার বলেন, তার স্বামী মোহাম্মদ আলমগীর প্রায় ৮-৯ বছর আগে মারা যান। এরপর থেকেই দেবর ইউসুফ আলী রকেট বিভিন্ন কৌশলে তাকে স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে আসছিল। ঘটনার দিন তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তাকে গালিগালাজ করা হয়। প্রতিবাদ করলে ইউসুফ আলী রকেট ক্ষিপ্ত হয়ে দেশীয় ছুরি দিয়ে তার বাম হাতে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং তার স্বামীর জায়গা-জমি দখল করে নেওয়ার কথা বলা হয়।

সাহিন আক্তার জানান, বিষয়টি প্রথমে পরিবার ও আত্মীয়স্বজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়। তবে কোনো সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বাধ্য হন।

এ ঘটনার একটি ভিডিও ফুটেজ হাতে আসে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা গেছে ওয়ার্ড ছাত্রদলের সভাপতি জোবায়ের হোসেন মহিন সরাসরি ওই হামলার নেতৃত্ব দিচ্ছেন।

হামলার বিষয়ে জোবায়ের হোসেন মহিনের সাথে যোগাযোগ করা হলে প্রথমে তিনি পুরো বিষয়টি অস্বীকার করেন।

তবে হামলার ভিডিও ফুটেজের কথা বললে তিনি বলেন, ‘তাহলে কী আর করার’- বলেই মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন এই ছাত্রনেতা।

Visited 7 times, 1 visit(s) today