বিশ্বকাপ বয়কটের গুঞ্জন ছড়িয়ে শ্রীলঙ্কার টিকেট বুক করল পাকিস্তান

বিশ্বকাপ বয়কটের গুঞ্জন ছড়িয়ে শ্রীলঙ্কার টিকেট বুক করল পাকিস্তান
শেয়ার করুন

৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চের মধ্যে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তান বর্জন করতে পারে—এমন গুঞ্জন চললেও নতুন এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, এই মেগা ইভেন্টের জন্য দলটি ইতিমধ্যে কলম্বোর টিকিট বুক করে ফেলেছে।

‘টেলিকম এশিয়া স্পোর্ট’-এর বরাত দিয়ে সূত্র জানায়, ‘বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও, পাকিস্তান দল অস্ট্রেলীয় দলের সঙ্গে লাহোর থেকে এয়ার লঙ্কার একটি ফ্লাইটে কলম্বো যাওয়ার জন্য বুকিং সম্পন্ন করেছে।’

অস্ট্রেলীয় দল বর্তমানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে লাহোরে অবস্থান করছে, যা আজ থেকে শুরু হচ্ছে। সিরিজের শেষ ম্যাচটি ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি মহসিন নকভি এর আগে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ‘দ্বিমুখী নীতি’র জন্য অভিযুক্ত করেন এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়াকে ‘অন্যায়’ হিসেবে উল্লেখ করেন।

নকভি গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দেখা করেন এবং জানান যে, বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল অথবা আগামী সোমবার নেওয়া হবে। ‘টেলিকম এশিয়া স্পোর্ট’ জানিয়েছে, প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশের বিষয়টিকে সমর্থন করলেও টুর্নামেন্ট বর্জন না করার পরামর্শ দিয়েছেন।

সূত্র আরও জানিয়েছে, ‘নকভি প্রেসিডেন্ট আসিফ জারদারি ও সামরিক এস্টাবলিশমেন্টের সঙ্গে পরামর্শ করার পর পিসিবি-র সাবেক প্রধান নাজম সেঠি ও রমিজ রাজার সঙ্গেও দেখা করেন।’ প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, পিসিবি-র সাবেক দুই প্রধানই শ্রীলঙ্কায় দল পাঠানোর পক্ষে মত দিয়েছেন, যেখানে পাকিস্তানের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে তারা ‘ভারতের সঙ্গে ম্যাচটি বর্জন না করারও পরামর্শ দিয়েছেন।’

আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে গ্রুপ পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার কথা রয়েছে পাকিস্তানের।

Visited 9 times, 1 visit(s) today