আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার মতো ‘সাহস পাকিস্তানের নেই’ বলে মন্তব্য করেছেন ভারতীয় ব্যাটার অজিঙ্কা রাহানে।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এই টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চলা ধোঁয়াশার প্রেক্ষিতেই এমন মন্তব্য করেন তিনি।
ক্রিকবাজ-এর এক অনুষ্ঠানে রাহানে বলেন, ‘আমার মনে হয় না তারা এমনটা করতে পারবে। আমার মনে হয় না তাদের সেই সাহস আছে।’
রাহানের সঙ্গে একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত ধারাভাষ্যকার হারশা ভোগলে। তার মতে, পাকিস্তান এই ইস্যু নিয়ে কেবল ‘অকারণে শোরগোল’ করছে। পাকিস্তান ‘অবশ্যই’ বিশ্বকাপে অংশ নেবে বলে বিশ্বাস করেন তিনি।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আলোচনার পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি প্রধান মহসিন নকভি জানিয়েছেন, আসরে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল অথবা আগামী সোমবার নেওয়া হবে।
এর আগে আইসিসি-র বিরুদ্ধে ‘দ্বিমুখী নীতি’র অভিযোগ তুলেছিলেন নকভি। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়াকে ‘অন্যায়’ হিসেবে আখ্যা দেন তিনি।
উল্লেখ্য, নিরাপত্তা অজুহাতে ভারতের বাইরে ম্যাচ আয়োজনের আবেদন জানিয়েছিল বাংলাদেশ। সেই আবেদন নাকচ করে দিয়ে বিশ্বকাপের মূল আসরে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি।
